
বন্দিদের তৈরি পোশাক পরে হাঁটবেন তারকারা
তিন মাসের অপেক্ষা শেষ। এবার শুধু আত্মপ্রকাশের পালা। বন্দিদের তৈরি পোশাক পরে হাঁটবেন শহরের তারকারা। শনিবার এই ফ্যাশান শো হবে সরকারের নবনির্মিত মুক্তাঙ্গন উত্তীর্ণতে।
তিন মাস ধরে ফ্যাশন-ডিজাইনার অভিষেক দত্ত প্রশিক্ষণ দিচ্ছেন আলিপুর প্রেসিডেন্সি সেন্ট্রাল জেল এবং মহিলা জেলের বন্দিদের। অভিষেক জানিয়েছেন- প্রথমে এরা একটু সংশয়ে ছিলেন। কিন্তু এখন এক এক জন এমনই পারদর্শী হয়ে উঠেছেন যে, এদের অনেকেই পেশাদারদের মতো ডিজাইন করতে পারেন। তিনি জানান এই শো-র প্রধান চমক হল পাশ্চাত্য পোশাকে বালুচরির কারুকারি। পোশাক পরে র্যা ম্পে হাঁটবেন পাওলি, স্বস্তিকা, সোহম, মনোজ তিওয়ারি, নাইজেল আকারা, অলকানন্দা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শো-র শেষে বন্দিশিল্পীদের সাথে পরিচয় করানো হবে দর্শকদের।
