
দক্ষিণ দমদম পুরসভার উদ্যোগ
খাবারের দোকানে রান্না করতে গিয়ে আগুন লেগেছে, সেরকম দুর্ঘটনার খবর আমরা মাঝেমাঝেই পেয়ে থাকি। ফাস্ট ফুডের স্টল, রেস্তোরাঁ কিংবা চায়ের দোকানগুলোতে যাতে আগুন লাগার সম্ভাবনা আর না থাকে, তার জন্য এলাকার সমস্ত খাবারের দোকানে কমার্শিয়াল বিদ্যুৎ সংযোগ করে দেওয়ার পরিকল্পনা নিল দক্ষিণ দমদম পুরসভা।
এইসব দোকানে যাতে রান্নার গ্যাস, স্টোভের ব্যবহার বন্ধ হয়, তার জন্যই পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার বোর্ড মিটিং-এ এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই বিদ্যুৎ বণ্টন সংস্থা সিইএসসির সঙ্গে আলোচনাও করেছে পুরকর্তৃপক্ষ। খুব শিগগিরই এলাকার সব ব্যবসায়ীদের নিয়ে পুরসভা একটি বৈঠকে বসতে চলেছে।
এছাড়াও দক্ষিণ দমদম পুরসভার উদ্যোগে জিজ্ঞাসা তথ্যকেন্দ্র চালু হয়েছে। দমদম স্টেশনের কাছে দমদম রোডে অবস্থিত এই তথ্যকেন্দ্র থেকে গোটা এলাকার সমস্ত ঠিকানার খোঁজ পাওয়া যাবে।
