
রঙিন সবজি বিক্রেতাদের আঙুল কোলে মার্কেটের দিকে
দেখলে মনে হবে একেবারে সতেজ আর দামও কিছুটা কম। টাটকা সবজি বলেই বিক্রি করছেন দোকানদার। কিন্তু, এসব যে রাসায়নিক রং দিয়ে ক্রেতাকে ঠকানো হচ্ছে, এতদিন তা কারও বোঝার উপায় ছিল না। বারাকপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ এবং টিটাগড় থানার যৌথ উদ্যোগে বারাকপুর তালপুকুর বাজারে হানা দিয়ে এক মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করেছে রং করা সবজি বিক্রির অভিযোগে। ধৃতরা অবশ্য দোষ স্বীকার করেননি। পুলিশকে তাঁরা বলেছেন কলকাতার কোলে মার্কেট থেকে তাঁরা সবজি কিনে এনে এই বাজারে বিক্রি করতেন। ফলে, সবজিতে রং লাগানোর বিষয়টি তাঁদের জানা নেই। রং যদি লাগিয়ে থাকে তাহলে কলকাতার অসাধু ব্যবসায়ীরা লাগিয়েছে। তবে পুলিশ এই নিয়ে কলকাতায় কোনও তদন্ত করবে কি না, তা অবশ্য জানা যায়নি।
সবজিতে রাসায়নিক রং দিয়ে তা বাজারে বিক্রি করার অভিযোগ আসছিল বেশ কিছু দিন ধরেই। নির্দিষ্ট কয়েকজন সবজি ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ ছিল। নোনা চন্দনপুকুরের পাশাপাশি তালপুকুর বাজারটি অন্যতম। এই বাজারে বারাকপুর, টিটাগড়, পাতুলিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বাজার করতে আসেন।
অভিযোগ পেয়ে টিটাগড় থানার পুলিশকে সঙ্গে নিয়ে ইবি’র কর্তারা তালপুকুর বাজারে হানা দেন। রাসায়নিক রং লাগানো সবজি ব্যবসায়ীদের বাজার থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, এই সব সবজিতে কী কী রাসায়নিক রং মেশানো হয়েছে, তা জানতে সবজিগুলি ল্যাবরেটরিতে পাঠানো হবে। বাজারের অন্যান্য ব্যবসায়ীদের বক্তব্য, এই সব ছোট ব্যবসায়ীদের কোনও দোষ নেই।যারা এই সব সবজিতে রং মেশাচ্ছে, পুলিশের উচিত, তাদের ধরা।
