
ধানের লোভে ইঁদুর ইঁদুর খেতে সাপের দল
বংলাদেশের রাজশাহী শহরের বুধপাড়ার বাসিন্দা মাজদার আলী মঙ্গলবার রাত ১১ টায় ঘরে বসে টিভি দেখছিলেন । হঠাৎ তিনি লক্ষ্য করেন খাটের নীচ থেকে একটি গোখরা সাপ বেরিয়ে এসেছে। মুহূর্তের মধ্যেই সাপটি আবার ড্রেসিং টেবিলের পেছনে চলে যায়। সেখানে টর্চ লাইট দিয়ে তিনি দেখেন আরও তিনটি সাপ রয়েছে কুণ্ডলী পাকিয়ে। মাজদার আলী তখন বাড়ির সব লোক জনকে ডাকেন। ভয় পেয়ে সাপ তিনটি ড্রেসিং টেবিলের পাশে একটি গর্তে ঢুকে যায়। গর্ত খুঁড়ে শাবল এবং লাঠি দিয়ে সাপগুলো বের করার চেষ্টা করেন সবাই মিলে। গর্ত খুঁড়তেই একের পর এক সাপ বেরিয়ে আসতে থাকে। এভাবে মোট ২৭টি সাপ বের হয়ে আসে, সবগুলো সাপই বিষাক্ত গোখরা সাপ। রাত ১১টা থেকে ভোর চারটা পর্যন্ত চলে এই সাপ মারা। বন দফতরে খবর না দিয়ে কেন এই ভাবে সাপ মারা হল এমন প্রশ্নও কেউ কেউ তুলেছেন। মাজদার আলী সংবাদ মাধ্যমকে বলেছেন, ঘরের একটি কক্ষে ধান রাখা ছিল। ধান খেতে সেখানে ইঁদুর বাসা বেঁধেছিল।আর সম্ভবত ইঁদুর খেতেই ডেরা বেঁধেছিল সর্পবাহিনী।
