
এক বন্ধনীতে গান্ধী দিনদয়াল, কোবিন্দের শপথ নিয়ে বিতর্ক
আচমকাই ‘জয় শ্রীরাম’ হুঙ্কারে কেঁপে উঠল সংসদের সেন্ট্রাল হল!
সবে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিয়েছেন দেশের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রীতি অনুযায়ী দিল্লি সেনাছাউনি থেকে ভেসে এল ২১ তোপধ্বনি। আর প্রায় সঙ্গে সঙ্গেই দর্শকাসনের একেবারে পেছনের সারি থেকে এক বিজেপি সাংসদের স্লোগান শোনা গেল। জয়শ্রী রাম। কয়েক সেকেন্ডের জন্য সবাই নির্বাক। এমন ঘটনা রীতিবিরুদ্ধ । কিন্তু ঘটল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেদিন প্রথম সংসদে পা–রেখেছিলেন, সেদিনও সেন্ট্রাল হল কেঁপে উঠেছিল ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে।
মঙ্গলবারের রাষ্ট্রপতির ভাষণে উল্লেখ ছিল না দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর। মহাত্মা গান্ধী এবং দীনদয়াল উপাধ্যায় যেমনটি চেয়েছিলেন তেমন সমাজই ভারত গড়তে চায়, বললেন চতুর্দশ রাষ্ট্রপতি। দীনদয়ালের সঙ্গে মহাত্মা গান্ধীর নাম এই ভাবে একই বন্ধনী উচ্চারণ করায়, প্রশ্ন তুলেছেন কংগ্রেস এবং তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদ সুগত বসু বলেছেন, ‘গান্ধিজির অবদানের সঙ্গে অন্য কারও তুলনা চলে না। গান্ধীজি এবং দীনদয়ালের এই ভাবে উল্লেখ মানানসই হয়নি।এছাড়াও সর্দার প্যাটেল, আম্বেদকরের নাম করলেন, অথচ স্বাধীনতার দুই উজ্জ্বল পুরুষ জওহরলাল এবং সুভাষ বসুর নাম করলেন না বক্তৃতায়, এটাও মেনে নেওয়া যাচ্ছে না’।
