মাটির পাখিতেই প্রাণ খোঁজেন তিনি

রথের মেলায় তাঁর হাতে তৈরি সব মাটির পাখি ফ্ল্যাটবাবুদের সামনে মেলে ধরবেন নিরঞ্জন পাল

কংক্রিট ফ্ল্যাটের ভিড়ে শহরের ঘরবাড়ি বাগান থেকে হারিয়ে যাচ্ছে চড়ুই, টুনটুনি, দোয়েল, শালিক, টিয়া সহ আরও অনেক পাখি। তাই অনেকের ফ্ল্যাটে এখন মাটির পাখি শোভা পাচ্ছে। আর সেই মাটির পাখি সরবরাহের জন্য এখন পুরোদমে মেতে রয়েছেন শিলিগুড়ি চয়নপাড়ার শিল্পী নিরঞ্জন পাল। রবিবার রথযাত্রা। রথের মেলায় তাঁর হাতে তৈরি সব মাটির পাখি ফ্ল্যাটবাবুদের সামনে মেলে ধরবেন তিনি।

বহুদিন ধরে মাটির কাজ করেন নিরঞ্জন। তবে মাটি দিয়ে হরেকরকম পাখি তৈরি করে মেলাতে বিক্রি করা তাঁর একপ্রকার নেশা। এই নেশায় তেমন লাভ হয় না। কিন্তু তাঁর কাছে এ এক অন্য অনুভূতি। তিনি নিজেই বলেন, আজ আর সেই জঙ্গল নেই। শিলিগুড়ি শহরের গায়েই আগে ঘন বৈকুণ্ঠপুর জঙ্গল ছিল। কিন্তু আজ চারদিকে জঙ্গল কেটে বাড়িঘর হচ্ছে। শহরে ছোট ছোট বাড়িঘর বাগান ভেঙে কংক্রিটের বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। ফলে হারিয়ে যাচ্ছে টিয়া, চড়াই সহ আরও অনেক চেনা পাখি। তাই তিনি মাটি দিয়ে ওইসব পাখি তৈরি করে মেলাতে তুলে ধরছেন। ৩০ টাকা থেকে ৪০ টাকায় মেলাতে বিক্রি হচ্ছে ওইসব পাখি। আসল পাখির দেখা সেভাবে না মেলায় মাটির পাখি দিয়েই অনেকে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন। রবিবার রথের মেলা হওয়ার আগে পুরোদমে মাটির পাখি তৈরিতে হাত দিয়েছেন নিরঞ্জন। তবে, শুধু রথের মেলাই নয়, অন্য অনেক মেলাতেও হরেকরকম মাটির পাখির পসরা নিয়ে বসেন নিরঞ্জন।

Developed by DXDasia