
নিজের গ্রামের বাড়ি দান করে দিয়েছেন কোবিন্দ
এনডিএ-র প্রার্থী, ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ বিপুল ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রপতি নির্বচিত হয়েছেন।
আগামী ২৫শে জুলাই ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্পর্কে কিছু জানার মতো তথ্য এখানে তুলে দেওয়া হল।
উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার একটি ছোট্ট গ্রাম পারোঙ্খে এক দলিত কোলি পরিবারে জন্ম নেন রামনাথ কোবিন্দ। তিনি তাঁর গ্রামের পৈতৃক ভিটেবাড়ি গ্রামবাসীদের দান করে দিয়েছেন – সেটিকে এখন ওই গ্রামে বরাতঘর (বিয়েবাড়ি বা বরযাত্রীদের রাখার জায়গা)। রামনাথ কোবিন্দ হবেন উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত ভারতের প্রথম রাষ্ট্রপতি। দেশের সবচেয়ে জনবহুল এই রাজ্যটি থেকে দেশের মোট নজন প্রধানমন্ত্রী এসেছেন , কিন্তু কোবিন্দের আগে এ রাজ্যের কেউ রাষ্ট্রপতি হননি। ইউপিএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন কোবিন্দ। কিন্তু আইএএস সার্ভিসের বদলে অ্যালায়েড সার্ভিসে মনোনীত হওয়ায় সে চাকরি তিনি আর নেননি। বিজেপি-তে যোগদান করার আগে তিনি ১৯৭৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ব্যক্তিগত সচিব বা প্রাইভেট সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।
বিজেপিতে যোগদান করার পর তিনি দলিত শ্রেণীর একজন নেতা হিসেবে উঠে আসেন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বিজেপির দলিত মোর্চার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উত্তরপ্রদেশে দলিত নেত্রী হিসেবে মায়াবতীর যখন দ্রুত উত্থান হচ্ছে, তখন বিজেপি রামনাথ কোবিন্দকে মায়াবতীর পাল্টা দলিত মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। লোকসভার ভোটে কোনও দিন না-জিতলেও রামনাথ কোবিন্দ দু'দুবার রাজ্যসভার সদস্য হয়েছেন। ১৯৯৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত টানা বারো বছর তিনি রাজ্যসভার এমপি ছিলেন। রামনাথ কোবিন্দ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০০২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ভাষণও দেন। ২০১৫ সালের ৮ আগস্ট তাকে বিহারের রাজ্যপাল (গভর্নর) পদে নিয়োগ করা হয়। মাত্র মাসদেড়েক আগে বিহারের রাজ্যপাল থাকাকালীন সপরিবারে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে কোবিন্দ সিমলার কাছে রাষ্ট্রপতির সামার রিট্রিটে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবনের অনুমতি নেই, এই যুক্তিতে রক্ষীরা তাকে গেট থেকে ফিরিয়ে দেন।তখন তিনি জানতেন না রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে কয়েকদিনের মধ্যেই তার নাম ঘোষণা করা হচ্ছে। দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে সিমলার ওই রাজকীয় প্রাসাদই হবে তার গ্রীষ্মকালীন অবকাশযাপনের ঠিকানা।
