
ক্যানসার আক্রান্ত নোবেলজয়ী লিউকে মুক্তি দিল চিন
চিনের কারাগার থেকে মুক্তি পেলেন নোবেলজয়ী মানবাধিকার কর্মী এবং প্রতিবাদী লেখক ৬১ বছরের লিউ শিয়াও বো। সারা পৃথিবী তাঁর মুক্তি চাইছিল। কান দেয়নি চিন। তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। অসুখ অনেকটাই ছড়িয়ে গিয়েছে। সম্ভবত, জেলে মৃত্যু হলে সারা দুনিয়া ছি ছি করবে সেই ভয়েই চিন তাঁকে মুক্তি দিল। বহু বছর ধরে লিউ শি্য়াও বো চিনে বাক স্বাধীনতা, স্বাধীন সংবাদপত্র মানবাধিকারের দাবিতে মুখর ছিলেন। ২০০৮ সালে তিনি ‘চার্টার-০৮’ নাম দিয়ে এক আবেদনপত্র প্রকাশ করেন। তাতেই তাঁর ১১ বছরের জেল হয়। ২০১০ সালে তিনি শান্তির জন্য নোবেল পান। পুরস্কার গ্রহণে চিন সরকার তাঁকে অনুমতি দেয়নি। উলটে চিন নরওয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রেখেছিল। লিউয়ের স্ত্রী লিউ জিয়াকেও গৃহবন্দি করে রেখেছিল চিন সরকার। লিউকে উত্তর চিনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সেখানে তাঁর বন্ধুরা যেতে পারবেন কি না তা এখনও জানা যায়নি।
