হুগলি জেলার ধর্মীয় পর্যটনে রাজ্য সরকারের অভিনব পদক্ষেপ

মাহেশে রথযাত্রার উদ্বোধন করতে গিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

মাহেশকে কেন্দ্র করে হুগলি জেলায় ধর্মীয় পর্যটনকে আরও জোরদার করতে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মাহেশে রথযাত্রার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। 

জগন্নাথ মন্দিরের চারপাশ, গুন্ডিচা মন্দির, গঙ্গার ঘাট, নাটমন্দির, গেস্ট হাউজ-সহ মাহেশ তীর্থক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকার ইতিমধ্যেই ১০ কোটি টাকা ব্যয় করেছে। আরও ১৫ কোটি টাকা এখানে ব্যয় করা হবে বলে আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। উত্তরপাড়ায় ১৭০০ কোটি টাকার এক জলের প্রোজেক্টের পাশাপাশি ইকো টুরিজম পার্ক ও ফিল্ম সিটি গড়ে তুলবে রাজ্য সরকার। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হুগলির অন্যান্য তীর্থক্ষেত্র, যেমন, তারকেশ্বর, কামারপুকুর, ব্যান্ডেল চার্চ, ফুরফুরা শরিফের মতো জায়গাগুলিতে আরও যাতে পর্যটকরা আকৃষ্ট হন, সেদিকেও সরকার নজর দিচ্ছে। ইতিমধ্যেই তারকেশ্বর-বিষ্ণুপুর রেললাইনের কাজ শুরু হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময়ে যার সূচনা করেছিলেন।
 

Developed by DXDasia