আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান-২
পৃথিবী আদতে কেমন দেখতে, তা নিয়ে জল্পনা প্রচুর। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে যেমনই ছবি উঠে আসুক না কেন, আমাদের কৌতুহল যেন কিছুতেই মিটতে চায় না। গত শনিবার, ৩ অগাস্ট পৃথিবীর চতুর্থ কক্ষপথে পৌঁছেছে চন্দ্রযান-২৷ তারপরেই সে ছবি তুলেছে পৃথিবীর৷ ইসরো সূত্রে জানা গিয়েছে ওইদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চারটি ছবি তোলা হয়৷ রোববার তা প্রকাশ করে ইসরো। ইসরো জানিয়েছে, নীলাভ সবুজ গোলাকার পৃথিবীর যেটুকু অংশ দেখা যাচ্ছে, তার ডানদিকে আছে আটলান্টিক মহাসাগর, বাঁ দিকে প্রশান্ত মহাসাগর৷ দুই সমুদ্রের মাঝবরাবর দেখা যাচ্ছে উত্তর আমেরিকার সবুজ জঙ্গলঘেরা অংশ৷

আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান-২৷ বিজ্ঞানীদের ধারণা, চাঁদের মাটিতে সৃষ্টির আদি সময়ের ফসিল অবিকৃত অবস্থায় থাকতে পারে। চাঁদের যেসব জায়গায় সূর্যবিমুখ, শুধু সেইখানেই থাকার সম্ভাবনা রয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে যেহেতু বেশ কিছু এলাকায় সূর্যরশ্মি সরাসরি এসে পড়ে না, তাই সূর্যের বিকিরণগত পরিবর্তনও সেখানে কম হওয়ার সম্ভাবনা।
ছবি সৌজন্যে- ইসরো