গুগলের মালিক সংস্থা অ্যালফাবেটেরও শীর্ষে খড়্গপুর আইআইটি-র প্রাক্তনী সুন্দর

গুগল ছাপিয়ে এখন ‘অ্যালফাবেটের’ সিইও

খড়্গপুর আইআইটি-তে মেটালার্জি নিয়ে পড়তে এসেছিল মাদুরাইয়ের ছেলেটি। নিম্ন মধ্যবিত্ত পরিবার। শুতে হত মেঝেতে বিছানা পেতে। এমনিতে প্রায় সমস্ত পরীক্ষায় ‘প্রথম’। কিন্তু খড়্গপুর আইআইটি-তে একটা পরীক্ষায় সে পেল ‘সি গ্রেড’। মেধাবী ছেলেটির কাছে বড়ো ধাক্কাই বলা চলে। সেদিনের ধাক্কা আসলে বিরাট শিক্ষাও ছিল। কে ভেবেছিল, এই সাদামাটা ছেলেটিই একদিন চড়ে বসবে গুগলের সিইও পদে। তারপর গুগলের মালিক যে সংস্থাটি, সেই অ্যালফাবেটেরও সিইও পদে বসবে সে!

সেদিনের সেই তামিল ছাত্রটির নাম যে সুন্দর পিচাই, তা বুঝতে পারায় কোনো পুরস্কার নেই। ২০০৪ সালে গুগলে যোগদান। গুগলের প্রোডাক্ট চিফ হয়েই সাড়া ফেলে দিয়েছিলেন সুন্দর। তারপর, গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ায় গুগলের ‘সিইও’ হন তিনি। এবারে তার চাইতেও বড়ো স্বীকৃতি। গুগল পরিবারের মালিক সংস্থা ‘অ্যালফাবেটের’-ও সিইও পদে বসলেন সুন্দর। ‘অ্যালফাবেট’-এর দায়িত্ব সুন্দরের হাতেই ছেড়ে দিচ্ছেন গুগলের দুই প্রতিষ্ঠাতা সের্গে ব্রিন আর ল্যারি পেজ। 

সাফল্যের শীর্ষে পৌঁছেও এখনো শিকড়ের সারল্য ভোলেননি সুন্দর। ভোলেননি এই বাংলার সঙ্গে ছাত্রজীবনের সংযুক্তিও। খড়্গপুর আইআইটি তাঁকে অনেককিছুই শিখিয়েছে। ছাত্রজীবনের প্রথম ‘ধাক্কা’-ও এখানেই। সেই ধাক্কা না পেলে হয়তো আজকের সাফল্যও আসত না। সুন্দরের সাফল্যের সামান্য ভাগিদার যে পশ্চিমবঙ্গের এই প্রতিষ্ঠানও, তাতে সন্দেহ নেই।

Developed by DXDasia