শতবর্ষ পেরোলেন জীবন্ত কিংবদন্তি অমলাশঙ্কর

শতবর্ষ উদযাপনে চলবে ২ দিনব্যাপী অনুষ্ঠান

শতবর্ষ পেরিয়ে এলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর। শতবর্ষের উদযাপনও শুরু হয়েছে। ২৮ ও ২৯ জুন ‘সঙ্গীত নাটক অ্যাকাডেমি’ এবং ‘মমতা শঙ্কর ডান্স কোম্পানি’-র যৌথ উদ্যোগে রবীন্দ্রসদনে পালিত হবে দু’দিনব্যাপী শতবর্ষের বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নেবেন ‘আনন্দ শঙ্কর সেন্টার ফর পারফর্মিং আর্টস’-এর ছাত্রছাত্রী ও সদস্যরাও।

বাংলা তথা ভারতীয় নৃত্যের জগতে জীবিত কিংবদন্তি অমলাশঙ্কর। প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশন অংশগ্রহণ করেন মাত্র ১১ বছর বয়সে। সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ উদয়শঙ্করের। সেই সময়ে ফ্রক পরিহিতা অমলাকে পরার জন্য শাড়ি দিয়েছিলেন উদয় শঙ্করের মা হেমাঙ্গিনী দেবী। এরপরে, উদয়শঙ্করের কাছে তালিম নেওয়া শুরু করেন অমলা। ধীরে ধীরে পারস্পরিক মুগ্ধতা পরিণত হয় প্রেমে। ১৯৪২ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন এই দুই কিংবদন্তি নৃত্যশিল্পী।

দেশে-বিদেশে একাধিক স্মরণীয় নৃত্যপরিবেশনা উপহার দিয়েছেন উদয়শঙ্কর এবং অমলাশঙ্কর মিলে। ১৯৪৮ সালে উদয়শঙ্কর পরিচালিত ‘কল্পনা’ চলচ্চিত্রে উমার চরিত্রে অভিনয় করেন অমলাশঙ্কর। সেই ছবি প্রদর্শিত হয়েছিল কান চলচ্চিত্র উৎসবেও। সেই উৎসবে সবচাইতে কম বয়সী নায়িকা হিসবে উপস্থিত হয়েছিলেন অমলা। উদয়শঙ্করের মৃত্যুর পরেও কন্যা মমতাশঙ্কর এবং পুত্রবধূ তনুশ্রীশঙ্করের সাহায্যে শঙ্কর ঘরানার নৃত্যশৈলিকে বাঁচিয়ে রেখেছেন অমলাশঙ্কর। শতবর্ষে পা রাখা এই কিংবদন্তিকে বঙ্গদর্শনের শ্রদ্ধার্ঘ্য।

Developed by DXDasia