
বন্দি মৃত্যুর ঘটনা মিডিয়াকে জানানোর দাবি তুলতেই ভয় পায় জেল কর্তৃপক্ষ
মুম্বইয়ের বাইকুল্লা মহিলা জেলে এক সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের শিরোনামে উঠে এল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নাম। মেয়ে শিনা বরাকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী ওই জেলেই বন্দি। ঘটনার সূত্রপাত শুক্রবার। বাইকুল্লা জেলে ২৫১ জন মহিলা বন্দি রয়েছেন। অভিযোগ, শুক্রবার বন্দি মঞ্জু গোবিন্দ শেট্টেকে মারধর করেন জেলের এক আধিকারিক। শুক্রবার রাতে জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানা যায়, ফুসফুসে আঘাত লেগেই মৃত্যু হয়েছে তার।
মঞ্জুর মৃত্যু সংবাদ জেলে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন বন্দিরা। পিটারের স্ত্রী ইন্দ্রাণীর নেতৃত্বে ২০০ জন মহিলা বন্দি বিক্ষোভ দেখাতে থাকেন অভিযোগ, মারধর করা হয় জেলকর্মীদের। বন্দিদের বক্তব্য, বন্দি মৃত্যুর ঘটনা মিডিয়াকে জানানোর দাবি তুলতেই ভয় পায় জেল কর্তৃপক্ষ। অন্যদিকে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি মৃত্যুর ঘটনাতেও রবিবার জেলের ছয় কর্মীকে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে ইন্দ্রাণীর নেতৃত্বে জেল বন্দিদের তুমুল বিক্ষোভকে তারা বে-আইনি বলছেন। ইন্দ্রানী সহ ২০০ জনের বিরুদ্ধে হাঙ্গামা বাধানো, মারপিট, অবৈধ জমায়েত-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
