বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন কলকাতা মেডিক্যাল কলেজে

সরকারি উদ্যোগে এক ছাদের তলায় ক্যান্সার চিকিৎসার নানা অত্যাধুনিক যন্ত্র

ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসা এখনও বহু লোকের আয়ত্তের বাইরে। কোনো মানুষ ক্যান্সারে আক্রান্ত হলে তাঁকে এখনও ছুটতে হয় মুম্বাই-চেন্নাইয়ের মতো ভিন রাজ্যের শহরে অথবা অনেক টাকা খরচ করে ভর্তি হতে হয় কোনো বেসরকারি নার্সিংহোমে। কলকাতা মেডিক্যাল কলেজের নতুন প্রকল্পে এই পরিস্থিতি থেকে খানিকটা হলেও স্বস্তি মিলবে। গত শনিবার থেকে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসাকেন্দ্র তৈরির কাজ শুরু হল এখানে।

মেডিক্যাল কলেজের অ্যাকাডেমি ব্লক ও প্রশাসনিক ভবনের উল্টোদিকে পুরোনো ক্যান্টিনের জায়গায় ১৮ হাজার বর্গফুটের এই বহুতল চিকিৎসাকেন্দ্রটি তৈরি হচ্ছে। এই মাল্টিস্পেশালিটি বিল্ডিংয়ের দুটি তল থাকবে মাটির নিচে। সেখানে থাকবে অত্যাধুনিক মানের ক্যান্সার রেডিয়েশন যন্ত্র। মাটির ওপরে থাকবে আটটি তলা। অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজির মতো আলাদা আলাদা বিভাগ থাকবে একটা তলায়। এখন মেডিক্যাল কলেজের অঙ্কোলজি বিভাগটি রয়েছে এজরা বিল্ডিং-এ। এর পাশাপাশি এই বিল্ডিং-এ চারটে অপরেশন থিয়েটার, নিউক্লিয়ার মেডিসিন, ক্যান্সারের নানা পরীক্ষানিরীক্ষার ব্যবস্থা, মহিলা-পুরুষদের আলাদা ওয়ার্ডও থাকবে। এর আগে রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার নানা ধরনের অত্যাধুনিক যন্ত্র কেনা হলেও একই বিল্ডিং-এর মধ্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসাকেন্দ্র পশ্চিমবঙ্গের কোনো সরকারি হাসপাতালে এই প্রথম। কলকাতা মেডিক্যাল কলেজের এই উদ্যোগ রাজ্যের ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মারণ রোগে আক্রান্ত মানুষ ও তার পরিজনদেরও উপকৃত করবে বলেই সকলে মনে করছেন।

ইতিমধ্যেই লাইন্যাক ট্রুবিম নামের একটা মেশিন হল্যান্ড থেকে কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয়েছে। ক্যান্সার চিকিৎসার এই অত্যাধুনিক যন্ত্রটি আগে কলকাতার কয়েকটি নার্সিংহোমে ছিল। কিন্তু এইসব জায়গায় চিকিৎসার খরচ অত্যন্ত বেশি। কলকাতা মেডিক্যাল কলেজে এই যন্ত্রের সাহায্যে একেবারে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন সাধারণ রোগীরা। 
 

Developed by DXDasia