
‘কেজ কালচার’ পদ্ধতি অনুসরণ করে শুরু হচ্ছে মৎস্যচাষ
কেজ কালচার বা মাঝসমুদ্রে খাঁচা ভাসিয়ে মাছ চাষ করতে চলেছে রাজ্যের মৎস্য দপ্তর। ইতিমধ্যেই মন্দারমণিতে সমুদ্রতট থেকে ২ কিলোমিটার দূরে সাড়ে চার মিটার ব্যাসের দুটো খাঁচা নোঙর দিয়ে বেঁধে রাখা হয়েছে। মাছের চারা ছাড়া হবে পুজোর আগেই। মাছের ওজন পর্যাপ্ত হলে জল থেকে তুলে নিয়ে আসা হবে বাজারে। চাহিদার কথা মাথায় রেখে প্রথমে চাষ করা হবে ভেটকি বা পমফ্রেটের মত মাছ।
এই পদ্ধতিতে মাছ চাষ ইতিমধ্যেই যথেষ্ট সফল হয়েছে নরওয়ে, থাইল্যান্ড, জাপান, ফিলিপিন্স সহ পৃথিবীর বিভিন্ন দেশে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অল ইন্ডিয়া নেটওয়ার্ক প্রজেক্ট অফ মেরিকালচারের অন্তর্গত এই প্রকল্পটি। বিশেষজ্ঞদের কাছে যা পরিচিত ‘কেজ কালচার’ নামে। ‘কেজ কালচার’ অনুসরণ করে মাছ চাষ করলে খাঁচার বাইরে থেকে বড় মাছ বা সামুদ্রিক প্রাণী এসে মাছের চারা খেয়ে যাওয়ার সম্ভাবনা কম।
