
ইতিমধ্যেই বিদেশে পাড়ি দিয়েছে দুর্গাপ্রতিমা
নেতা-মন্ত্রী থেকে আমজনতা, ভোটের উত্তাপ স্পর্শ করেছে সবাইকেই। গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে চলছে ভোটের প্রচার। মিটে গেছে কয়েক দফার নির্বাচনও। ভোটের বাকি দফাগুলো নিয়ে মানুষের উত্তেজনা তুঙ্গে। গণতন্ত্রের এই মহোৎসবের উত্তাপ যে কুমোরটুলিতে পৌঁছয়নি তা নয়, তা সত্ত্বেও শিল্পীদের এখন দম ফেলার সময় নেই। সারা বিশ্ব থেকে আসছে প্রতিমার বরাত। পুজোর সময় একসঙ্গে এত প্রতিমার কাজ শেষ করা সম্ভব নয়। তাই এখনই জোর কদমে চলছে শারদোৎসবের প্রস্তুতি।
ইতিমধ্যেই প্রায় ডজনখানেক দুর্গাপ্রতিমা বিদেশে পাড়ি দিয়েছে। তার সঙ্গে বরাত পাওয়া রক্ষাকালী, শীতলা, মনসার প্রতিমাতেও খড়ের প্রলেপ দেওয়া হচ্ছে এখন থেকে। পুজোর ঠিক আগে ওই প্রতিমাগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। ততদিন অসমাপ্ত প্রতিমাগুলো ঠাঁই পাবে গোডাউনে। আর বানানো চলছে বিশেষ কিছু মডেল এবং মণীষীদের পূর্ণাবয়ব ও আবক্ষ মূর্তি। এগুলোও পাড়ি জমাবে বিদেশে।
