বাজেট হাসপাতাল তৈরি করবে রাজ্য

সরকারি হাসপাতালগুলির বেশিরভাগ ডাক্তার, নার্স, পার্শ্বকর্মীদের দেওয়া হবে আইসিইউ-এর উন্নত মানের প্রশিক্ষণও

মধ্যবিত্তের কথা ভেবে বাজেট হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় এই হাসপাতাল তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালের একই ক্যাম্পাসের মধ্যে তৈরি হতে চলা বাজেট হাসপাতালে আর্থিক সামর্থ্য আছে, এমন রোগীরা ভর্তি হতে পারবেন। কলকাতার পিজি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। এবার কলকাতার আরও চারটি মেডিকেল কলেজের সঙ্গে প্রকল্পের অন্তর্ভুক্ত হল বর্ধমান, উত্তরবঙ্গ ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজও।

এসি-টিভি সহ অন্যান্য স্বাচ্ছ্বন্দ্যে পরিপূর্ণ সিঙ্গল, ডবল, ফোর বেডের কেবিন, ওয়ার্ড, আইসিইউ – চিকিৎসা সংক্রান্ত সব ব্যাবস্থাই থাকবে সেখানে। খরচও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। বাজেট হাসপাতাল তৈরি হলে সরকারি হাসপাতালে রোগীর চাপ তো কমবেই, প্রতিযোগিতার বাজারে খরচ কমাতে বাধ্য হবে বেসরকারি হাসপাতালগুলিও।

পাশাপাশি, সরকারি হাসপাতালগুলির বেশিরভাগ ডাক্তার, নার্স, পার্শ্বকর্মীদেরও অ্যাডভান্স ক্রিটিকাল কেয়ারের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের তরফ থেকে, যার ফলে কর্মীদের পাশাপাশি উপকৃত হবেন রোগীরাও। মুখ্যমন্ত্রী সিঙ্গাপুর সরকারের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এ-ব্যাপারে। সিঙ্গাপুরের স্বাস্থ্যকর্মীরা এসে এই রাজ্যের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেবেন। এতে সার্বিকভাবে উন্নত হবে পরিষেবাও।

Developed by DXDasia