
তামাক বিরোধিতার শপথ নিল ছাত্রছাত্রীরা
শীতের ছুটি শেষ হয়ে সবে স্কুলগুলোতে শুরু হয়েছে পঠনপাঠন। নতুন বছরে নতুন ক্লাসে উঠে স্বাভাবিকভাবেই পড়ুয়ারা আনন্দে মাতোয়ারা। এরই মধ্যে গতকাল ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে পালিত হল ‘বুক ডে’। রাজ্যের সমস্ত প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সরকারি স্কুলে বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল বই।
স্কুলশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রত্যেক বছর ২ জানুয়ারি সরকারি স্কুলগুলোতে ‘বুক ডে’ পালিত হয়ে আসছে। নতুন পাঠ্যপুস্তকে তুলে দেওয়া হয় পড়ুয়াদের হাতে। এরই পাশাপাশি গতকাল রাজ্যের সমস্ত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলে গতকাল চালানো হল তামাক বিরোধী প্রচার, যাতে তারা সচেতন করতে পারে বাড়ির আত্মীয়স্বজনকে। রাজ্যে যে মাত্রায় তামাকজাত পণ্য বিক্রি ও সেবন চলে, তা যথেষ্ট বিপজ্জনক। এরকম পরিস্থিতিতে রাজ্য সরকার ২০১৮-১৯ সালকে মাদকমুক্ত বলে ঘোষণা করতে চায়। সেই অনুযায়ী প্রথম শিক্ষাদপ্তর থেকেই প্রচার শুরু করা হয়। স্কুলগুলি যাতে তামাকবর্জিত হয়ে ওঠে, তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দপ্তর। স্কুলগুলির ভিতরে এবং বাইরে ১০০ মিটারের মধ্যে কোনো তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। স্কুল বাউন্ডারির দেওয়ালে আর প্রধান ফটকের বাইরে ঝোলাতে হবে ধূমপান নিষেধাজ্ঞার নোটিস। স্কুল ক্যাম্পাসে কেউই কোনো তামাকজাত দ্রব্য সেবন করতে পারবে না। স্কুলশিক্ষা দপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। বছরের শুরুতে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরাও দারুণ খুশি।
গতকাল স্কুলে প্রার্থনার পর ছাত্রছাত্রীরা তামাক বিরোধিতার জন্য শপথ নেয়। স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে যাতে স্কুলে তামাক বিরোধী দিবসের প্রচারের ছবি আর রিপোর্ট সেদিন দুপুর একটার মধ্যে পাঠানো হয়।
