ব্লু-হোয়েল-এ লাগাম কেন্দ্রের

অবিলম্বে বিপজ্জনক খেলার লিঙ্ক সরানোর নির্দেশ

দেশের সব অনলাইন মিডিয়া ও ইন্টারনেট মাধ্যম যেমন গুগল, ইয়াহু, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামকে অবিলম্বে ব্লু হোয়েল চ্যালেঞ্জের মতো বিপজ্জনক 'অনলাইন গেম'-এর লিঙ্ক সরানোর নির্দেশ দিল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আই টি মন্ত্রক। ভারত সহ বিভিন্ন দেশে ব্লু হোয়েল চ্যালেঞ্জ খেলতে গিয়ে কিশোর- কিশোরীদের আত্মহত্যার ঘটনা বেড়ে চলাতেই কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এমনকী পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি আত্মহত্যার নেপথ্যে ব্লু হোয়েল চ্যালেঞ্জ রয়েছে বলে অনুমান পুলিশের। দেশজুড়েই এই মারণ গেম নিষিদ্ধ করার দাবি উঠেছে। এরপরই গত ১১ই অগাস্ট এই ইন্টারনেট সংস্থাগুলিকে নীল তিমির সমস্ত লিঙ্ক অবিলম্বে বন্ধ করতে বলে চিঠি পাঠান কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

এই মারণ গেমকে বন্ধ করার আর্জি জানিয়ে আগেই সরব হয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী। এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গেও তিনি আলোচনা করেছেন বলে টুইট করেছেন মানেকা। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Developed by DXDasia