
মোর্চা নেতাদের দাবি পুলিশের গুলিতে তাদের ২ সমর্থকের মৃত্যু হয়েছে
ফের আগুন জ্বলল আর রক্তে ভাসল পাহাড়। সকাল থেকে মোর্চা এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এর মধ্যেই সিংমারিতে পুলিশের গাড়িতে আগুন ধরানো আটকাতে গিয়ে মোর্চা সমর্থকদের কুকরির ঘায়ে গুরুতর আহত হন কিরণ তামাং নামে এক আইআরবি জওয়ান। পরপর গাড়িতে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা।
মোর্চা নেতাদের দাবি, পুলিশের গুলিতে তাদের ২ সমর্থকের মৃত্যু হয়েছে। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করে পুলিশ। উল্টে মোর্চা সমর্থকরাই গুলি চালিয়েছে বলে দাবি করেন এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা। এদিন মোর্চার মিছিলে বিজেপি সমর্থকদেরও যোগ দিতে দেখা যায়। জাতীয় পতাকা কাঁধে নিয়ে গুণ্ডামি করছে মোর্চা, নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মোর্চার আন্দোলনে জঙ্গি মদত রয়েছে। অন্যদিকে রবিবার ১২ ঘন্টার ডুয়ার্স বন্ধের ডাক দিয়েছে মোর্চা।
শুক্রবার মাঝরাতে মোর্চার মিডিয়া অ্যাডভাইজার বিক্রম গোর্খাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি তল্লাশি চালানো হয় বিমল গুরুং ঘনিষ্ঠ বিনয় তামাংয়ের বাড়িতে। এই দুই ঘটনার জেরে আজ সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় সিংমারি এলাকা। কয়েক হাজার মোর্চা সমর্থকের ইঁট বৃষ্টির সম্মুখীন হতে হয় পুলিশকে। ইঁটের আঘাতে আহত হন এক মহিলা পুলিশকর্মী। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা। পরিস্থিতি ক্রমশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
