“বড়ো হয়ে গায়ক হতে চাই”- মাধ্যমিকে রেকর্ড গড়ল জন্মান্ধ শুভদীপ

ত্রিশ বছরের রেকর্ড ভেঙে তার প্রাপ্তনম্বর ৬৬৩

নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির ছাত্র শুভদীপ মণ্ডল। জন্মান্ধ। এবছর মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৬৩। এই নম্বর পেয়ে গত ত্রিশ বছরের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে সে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসে এটাই রাজ্যের দৃষ্টিহীন মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর। গতবার এই স্কুল থেকে সর্বোচ্চ নম্বর ছিল ৬৪০। শুভদীপ সেই বেড়া টপকে অর্জন করেছে ৬৬৩। তবে স্কুলে শিক্ষক কম থাকায় মেধাবী ছাত্রদের সমস্যার সম্মুখীন হতে হয়। অঙ্ক ও ভৌতবিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

শুভদীপের বাড়ি দুর্গাপুর। পড়াশোনার বাইরে সে ভালো সিন্থেসাইজার বাজাতে পারে। ভালো গানও গায়। ডাক্তার, ইঞ্জিনিয়র বা অধ্যাপক নয়, শুভদীপ চায় গায়ক হতে। ছোটো থেকেই সে দেখতে পায় না। কিন্তু পড়াশোনা আর গানবাজনার প্রতি প্যাশন সমস্ত বাধা পার করে তাকে সাফল্য এনে দিয়েছে। শুভদীপকে কুর্নিশ জানাচ্ছে গোটা রাজ্য।

Developed by DXDasia