
কেন্দ্রের নীতি জনবিরোধী, বললেন মমতা
৯ অগস্ট, ভারত ছাড়ো আন্দোলনের ৭৫তম বর্ষপূর্তিতে মেদিনীপুর থেকে বিজেপি'র বিরুদ্ধে আন্দোলনের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই মঞ্চ থেকে মমতা ঘোষণা করেছিলেন, ৯ অগস্ট থেকে শুরু হবে তৃণমূলের ‘বিজেপি ভারত ছাড়’ আন্দোলন। সেই আন্দোলনের আজ বুধবার ছিল প্রথম দিন। এদিন জনসভা থেকে নোটবন্দি, জিএসটি, আধারসহ কেন্দ্রের একাধিক সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যা দিয়ে তুলোধনা করেন। তাঁর কথায়, 'নোট বাতিলের ফলে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়েছে বেকারত্ব। অন্যদিকে, জিএসটির জেরে চূড়ান্ত দুর্ভোগে মানুষ। মিলছে না ওষুধ।' বাধ্য হয়েই তিনি যে জিএসটিকে সমর্থন করেছেন সেকথাও ফের জানিয়েছেন। মমতার কথায় উঠে এসেছে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কথাও। তাঁর দাবি, বৃষ্টি নয়, ব্যারাজ থেকে জল ছাড়ার জন্যই বানভাসি হয়েছে ঘাটাল, খানাকুলের মতো এলাকাগুলি। এনডিএ আমলে দেশ ও দেশের গণতন্ত্র বিপন্ন বলেও তোপ দেগেছেন মমতা।
