লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী
আজ কবীর সুমনের জন্মদিন। রাজস্থানের পিচওয়াই ছবির কর্মশালা অনুষ্ঠিত হবে কলকাতায়। আজ প্রদর্শিত হবে পূর্ণদাস বাউলের জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র। আগরপাড়ায় বিনামূল্যে মহিলা স্বাস্থ্য শিবির ও বসিরহাটে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হবে। আজ কোথায় কী, চলুন দেখে নেওয়া যাক –
• ১৯৯২ সালে বাঙালিকে তিনি উপহার দেন ‘তোমাকে চাই’, আর বাংলা গানে আসে যুগান্ত। গুরুচণ্ডালী ভাষা ত্যাগ করে পাকাপাকিভাবে শহুরে চলিত ভাষা জায়গা করে নেয় আধুনিক বাংলা গানে। তিনি কবীর সুমন, বাংলার কিংবদন্তি সংগীতসাধক। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, গান শুনেছেন, তারই প্রভাব পড়েছে তাঁর সংগীতসাধনায়। রবীন্দ্র সংগীতেও তিনি অসামান্য। সম্প্রতি বাংলা খেয়াল নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। রাজনীতির জগতেও পা রেখেছিলেন কবীর সুমন। আজ তাঁর ৭১তম জন্মদিন। নজরুল মঞ্চে আজ তাঁর একক সংগীতানুষ্ঠান আয়োজিত হওয়ার কথা ছিল, কিন্তু, অনিবার্য কারণে সেটি বাতিল হয়ে গিয়েছে। আগামী ৯ মে নজরুল মঞ্চে সেটি অনুষ্ঠিত হবে।

• পিচওয়াই ছবি রাজস্থানের এক শিল্পশৈলী। কাপড়ের ওপর রঙিন ছবিতে কৃষ্ণের জীবনের নান্না ঘটনা ফুটিয়ে তোলাই এর বৈশিষ্ট্য। ক্যানভাসে পিচওয়াই ছবি আকাঁর কর্মশালা আজ দুপুর আড়াইটের থেকে অনুষ্ঠিত হবে হিন্দুস্তান পার্কের ‘আর্ট রিক্সো’-তে। প্রবেশমূল্য একজনের জন্য সব মিলিয়ে ১১০০টাকা।

• কিংবদন্তি শিল্পী পূর্ণদাস বাউলের ওপর নির্মিত তথ্যচিত্র সন্ধে ৬টা থেকে দেখানো হবে নন্দন-৩ প্রেক্ষাগৃহে। তথ্যচিত্রটির পরিচালক অভিজিৎ দাশগুপ্ত। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন হাজির থাকবেন প্রধান অতিথি হিসেবে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট চলচ্চিত্রকার গৌতম ঘোষ।

• আগরপাড়ার মেডেলা ক্যানসার কিওর সেন্টারে বিনামূল্যে মহিলা স্বাস্থ্য শিবির আয়োজিত হবে দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত। স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ, ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াও থাকবে ক্যানসার সচেতনতা মূলক আলোচনা এবং মহিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

• বহুদিন ধরেই সমাজসেবার সঙ্গে যুক্ত আছে সীমান্ত সেবা মিশন নামের স্বেচ্ছাসেবী সংস্থা। দুঃস্থ শিশুদের অর্থ এবং পাঠ্যপুস্তক বিতরণ করা, দরিদ্র পরিবারগুলিতে খাদ্যের জোগান দেওয়া – ইত্যাদি নানা কর্মসূচি তাঁরা নিয়ে থাকেন। গোবরডাঙার এই সংস্থার উদ্যোগে আগামীকাল বসিরহাটের মেরুদণ্ডী এলাকায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই শিবির খোলা থাকবে।