টার্ন টার্ন টার্ন – শতবর্ষের সুরে মঞ্চ থেকে গোটা প্রেক্ষাগৃহে ছড়িয়ে গেলেন সিগার

গণবিষাণের গানে উদযাপিত পিট সিগারের শতবর্ষ

“A time to gain, a time to lose
A time to rain, a time of sow
A time for love, a time for hate
A time for peace
I swear it's not too late”

অনুষ্ঠান প্রায় শেষদিকে । মঞ্চে স্মৃতি হাতড়াচ্ছেন পবিত্র সরকার। পিট সিগারের সঙ্গে হেমাঙ্গ বিশ্বাস আর তিনি গিয়েছিলেন মঞ্চশিল্পী খালেদ চৌধুরীর বাড়ি। তোলা হয়েছিল গান। সেই গান বাংলায় অনুবাদ করছেন হেমাঙ্গ বিশ্বাস। এভাবেই গণনাট্য আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীকভাবে জড়িয়ে পড়ছেন মার্কিন পিটার সিগার। নব্বইয়ের দশকে। রবীন্দ্রনাথের নামে নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয়ের থেকে সাম্মানিক ডি-লিট পেয়ে অসম্ভব খুশি  তিনি…

বলতে বলতে ৮৩ বছরের বৃদ্ধ পবিত্রবাবু গেয়ে উঠছেন “500 miles away from home”

পিট সিগার বিশ্বনাগরিক। তাই তিনি বাঙালিরও একান্ত আপন। তাঁর গানগুলোর উৎস বিভিন্ন লোকসঙ্গীত – খ্রিস্টান ‘গসপেল’। সময়ের দাবি অনুযায়ী বদলেছে কথা, সামান্য পাল্টেছে সুর। গির্জার ঘেরাটোপ থেকে বেরিয়ে ধর্মঘট-মিটিং-মিছিলে-জনসভায় প্রতিবাদের ভাষ্য হয়ে উঠছে  সেই গান। আন্দোলনের ‘কপিরাইট’ নেই। ছিলও না। 

গতকাল পিট সিগারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থাপনায় ছিল ‘গণবিষাণ’। ১৯৭৭ থেকে  বাংলার গণসংগীত যাপনের  অন্যতম নাম ‘গণবিষাণ’। নেতৃত্ব দিচ্ছেন নব্বই ছুঁইছুঁই ‘তরুণী’, কিংবদন্তি জলি বাগচী। “We Shall Overcome” গানটি গাইতে গাইতে  মলয় মুখোপাধ্যায় বারংবার ধুয়ো তুলছেন “We are not afraid”। শ্রোতারা মেলাচ্ছেন গলা।

শতাব্দী পার করেও , সুদূর সান দিয়েগো বন্দর থেকে বাংলার কল-কারখানায় , শ্রমিক কৃষকের লড়াইয়ে মিশে যাচ্ছেন পিটার সিগার। 

Developed by DXDasia