বিস্মৃত বাঙালি কবি তরু দত্তের আজ জন্মদিন – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

বিস্মৃত বাঙালি কবি তরু দত্তের আজ জন্মদিন

উনিশ শতকের এক বিস্মৃত বাঙালি কবি তরু(লতা) দত্ত। যিনি কালের গভীরে হঠাৎই হারিয়ে গেলেন মাত্র ২১ বছর বয়সে। ১৮৫৬ সালে তাঁর জন্ম। ১৮৬২ সালে সপরিবার খ্রিস্টান ধর্মাবলম্বী হয়েছিলেন। তরু দত্ত প্রথম বাঙালি কবি, যিনি ইংল্যান্ডে ফরাসি ভাষায় উচ্চশিক্ষা লাভ করেন। ১৮৭১-১৮৭৩ সালে তিনি কেমব্রিজে কাটান এবং সেই সময়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘হাইয়ার লেকচারস ফর উইমেন’-এ যোগদান করেন। তরু দত্তের কবিতায় উঠে এসেছে মানুষের জীবনের নানান সমস্যার কথা। তাঁর একটি ফরাসি উপন্যাস ‘লা জার্নাল’ এবং ইংরেজি উপন্যাস ‘বিয়াঙ্কা’ খুবই জনপ্রিয় হয়েছিল। কাব্যগ্রন্থ ‘এ শেফ গ্লানড ফরাসি ফিল্ডস’-এ রয়েছে ফ্রেঞ্চ কবিতার ইংরেজি অনুবাদ। ফুলকে যিনি মানুষ রূপে কল্পনা করেছেন, আজ দেশ তাঁকে ভুলে গেলেও তাঁর সৃষ্টি থেকে যাবে প্রত্যেকটি সাহিত্যপ্রেমীর হৃদয়ে। আজ কবি তরু দত্তের ১৬৪তম জন্মদিন।

বদলে যাচ্ছে মাদার ডেয়ারির নাম

এখন মাদার ডেয়ারি পরিচালনা করে রাজ্য সরকারের প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রকের তৈরি করে দেওয়া পরিচালন কমিটি। কিন্তু, গত কয়েক বছর ধরে লোকসানের সম্মুখীন হয়েছে মাদার ডেয়ারি। তাই, মুশকিল আসান করতে তৈরি করা হয়েছে ‘বাংলার ডেয়ারি লিমিটেড’ নামের একটি সংস্থা। কাজ শুরু করতে তাকে ১০ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। সরকারি নিয়ন্ত্রণের বাইরে এই সংস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংস্থাটির বোর্ডে সরকারি কর্তাব্যক্তিরা ছাড়াও থাকবেন স্থানীয় শিল্পপতিরা। দুধ এবং দুগ্ধজাত পণ্য বিক্রি করা হবে এই ব্যান্ডের নামে। নতুন সংস্থার সঙ্গেই মাদার ডেয়ারিকে মিশিয়ে দেওয়া হবে। এবার থেকে তাই ‘বাংলার ডেয়ারি’ নামেই পরিচিত হবে মাদার ডেয়ারি।

এবার জৈব চাষ শিখে স্বনির্ভর হবে সরকারি হোমের আবাসিকরা

রাজ্যের সরকারি হোমগুলিতে চাষের উপযোগী জমি রয়েছে যথেষ্ট। এবার, হোমের আবাসিকদের সেই জমিতে জৈব চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। আবাসিকদের স্বনির্ভর করতে এই উদ্যোগ নিয়েছে নারী ও শিশুকল্যাণ দপ্তর। হুগলি জেলার উত্তরপাড়া হোম থেকে শুরু হবে এই পাঠদানের কাজ। ইতিমধ্যেই সেখানে মাটি পরীক্ষা করা হয়েছে। এর আগে পঞ্চায়েত দপ্তরের অধীনে জৈবচাষ নিয়ে কাজ হওয়ার সময় বেশ কয়েকজন মাস্টার ট্রেনার তৈরি করা হয়েছিল। তাঁরাই সরকারি হোমের আবাসিকদের প্রশিক্ষণ দেবেন। হাতে কলমে কাজ শিখতে শিখতে আবাসিকরাও ধীরে ধীরে মাস্টার ট্রেনার হয়ে উঠবে। ১৮ বছর হয়ে গেলে আবাসিকদের সরকারি হোম ছেড়ে দিতে হয়। তার আগেই জৈব চাষ শিখে নিলে বাইরে গিয়ে তারা নিজেরাই ফসল ফলিয়ে রোজগার করতে পারবে।

শান্তিনিকেতন বসন্তোৎসবে এই প্রথমবার থাকছে অস্থায়ী শৌচাগার

শান্তিনিকেতন বসন্তোৎসবের জন্য অপেক্ষা থাকে বিশ্ববাসীর। নানারকম টালবাহানার পর এবছর বসন্তোৎসব হচ্ছে। এই বছর উৎসবের মাঠও পরিবর্তিত হয়েছে। সেইসঙ্গে জোর দেওয়া হচ্ছে মাঠের স্বচ্ছতায়। আগত পর্যটকদের সুবিধার্থে এই বছর প্রথমবারের জন্য মাঠের চারিদিকে তৈরি হচ্ছে অস্থায়ী শৌচাগার। পাশাপাশি থাকছে পর্যাপ্ত জলের ব্যবস্থা। এছাড়াও যান নিয়ন্ত্রণ, ভিড় সামলানো-সহ অন্যান্য বিষয়গুলির উপর গুরুত্ব সহকারে নজর দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের সহযোগিতায় এবছরই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীর বসন্তোৎসব। প্রশাসনের এই উদ্যোগে খুশি বিশ্বভারতীর পড়ুয়া থেকে পর্যটক সকলেই। গতবছর বসন্তোৎসবে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই কথা মাথায় রেখেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও রাজ্য সরকার।
Developed by DXDasia