মেয়েদের নিরাপত্তা বাড়াতে অভিনব পরিষেবা

নিগ্রহের শিকার মহিলারা ‘ভায়োলেন্স এগেনস্ট উইমেন’ অপশন মারফত পুলিশ ও পরিজনকে বিপদ সংকেত পাঠাতে পারবেন

মেয়েদের নিরাপত্তার কথা মাথায় রেখে, পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে বাজারে আসছে ‘বিপত্তারিণী ব্লুটুথ’। ভারতে এই প্রথম চালু হচ্ছে এমন পরিষেবা। শরীরে আটকানো ব্লু টুথ লো এনার্জি বাটন (বিএলই) বিপদের সময় টিপলেই এসওএস পৌঁছে যাবে লালবাজারে পুলিশ প্রশাসনের কাছে। খবর পাবেন মেয়েটির আত্মীয়-পরিজনেরাও। সাধারণ মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার শিগগিরই নিয়ে আসছে একটি অ্যাপ ‘পথদিশা রোড সেফটি’। আর তারই অংশ এই বিএলই বাটন। মোবাইলে ডাউনলোড করা অ্যাপের সঙ্গে যা লিঙ্ক করা থাকবে।    

প্রথমে স্মার্ট ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে নিয়মমতো নথিভুক্ত করতে হবে নিজস্ব আইডি। নিজের নাম তো বটেই, সঙ্গে তিনজন আত্মীয়-বন্ধুর ফোন নম্বর। ডাউনলোড হয়ে গেলে দেখা যাবে তিনটে অপশন – ঘটনা, দুর্ঘটনা, নারী নিগ্রহ (ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ভায়োলেন্স এগেনস্ট ওমেন)। এই ভাবে তৈরি হয়ে থাকবে প্রেক্ষাপট। এবার রাস্তায় কোথাও দুর্ঘটনা বা অপরাধের মুখে পড়লে অ্যাপের অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট অপশনে ক্লিক করলেই পুলিশে বার্তা পৌঁছে যাবে। নথিভুক্ত তিন জন আত্মীয়-বন্ধুর কাছেও মেসেজ পৌঁছবে। আর নিগ্রহের শিকার মহিলারা ‘ভায়োলেন্স এগেনস্ট উইমেন’ অপশন মারফত পুলিশ ও পরিজনকে বিপদ সংকেত পাঠাতে পারবেন।

কিন্তু যদি মোবাইল বের করে অ্যাপ খুলে ঠিক জায়গায় ক্লিক করা সম্ভব না হয় তাই সেই কথা মাথায় রেখেই বিএলই’র ব্যবস্থা। অ্যাপের সঙ্গে যুক্ত ছোট্ট বোতামটি শার্টের কলারে বা পকেটে স্বচ্ছন্দে রেখে দেওয়া যাবে। বিপদ হলে তাতে হাত ছোঁয়ালেই চলবে।

কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে বোতামটি ১ বার প্রেস করতে হবে। দুর্ঘটনা ঘটলে দু’বার প্রেস করতে হবে বোতামে। সম্মানহানির আশঙ্কা বুঝলেই তিন নম্বর অপশনটি প্রেস করার সঙ্গে সঙ্গে পুলিশ হুঁশিয়ার হয়ে যাবে। আগামী মাসেই চালু হবে এই পরিষেবা। বাটনের দাম ৫০০—৬০০ টাকার মধ্যে রাখার চেষ্টা হচ্ছে।

Developed by DXDasia