কলকাতার রাস্তায় এবার ভ্রাম্যমাণ বায়ো-টয়লেট

নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানের মতো জনবহুল এলাকায় শৌচালয়ের সমস্যা সমাধানে এই অভিনব উদ্যোগ

বায়ো-টয়লেট এমন একটি সিস্টেম, যা ডাইজেস্টের ট্যাঙ্কের মধ্যে মানুষের বিছিন্ন বর্জ্যটিকে ব্যাকটেরিয়া ব্যবহার করে মিথেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড এবং জলে রূপান্তর করে। সাধারণ টয়লেটের ক্ষেত্রে মানুষের বর্জ্য সরাসরি পরিবেশের ক্ষতি করে এবং রেল লাইনের মেটাল পাতেও ক্ষতি হয়। বায়ো-টয়লেটের ক্ষেত্রে সেই ভয় থাকে না। এছাড়াও সাধারণ টয়লেটে দশ থেকে পনেরো লিটার ফ্ল্যাশে যে জল খরচ হয়, এই বায়ো-টয়লেটে ওই পরিমাণ জল খরচের সম্ভাবনা নেই। এতকিছুর কথা ভেবে কলকাতা পুরসভা এই ভ্রাম্যমাণ বায়ো-টয়লেট বসানোর পরিকল্পনা করেছে। কলকাতার নতুন মহানাগরিক ফিরহাদ হাকিম, দায়িত্ব পাওয়ার পরেই এ বিষয়ে উদ্যোগী হয়েছেন। নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানের মতো জনবহুল এলাকায় শৌচালয়ের সমস্যা সমাধানে এই অভিনব উদ্যোগ।   

শহরতলি, জেলা থেকে প্রচুর মানুষ আসেন এই অঞ্চলগুলোয়। সমস্ত জায়গায় সুলভ শৌচালয় রয়েছে। তবে কয়েকটি শৌচালয় মূল বাজার থেকে বেশ কিছুটা দূরে। তাই এবার বাজার চত্বরেই ভ্রাম্যমাণ শৌচালয়ের ভাবনা। কলকাতার পুর এলাকায় মোট ৩৮৩টি সুলভ শৌচালয় রয়েছে। মানুষের ভিড় যেখানে, সেখানে একের বেশি শৌচালয় থাকা জরুরি। বিশেষত কলকাতার মতো ব্যস্ত শহরে। পুজোর সময় মণ্ডপগুলিতে বায়ো-টয়লেট পাঠানো হয়। এবার তাই ব্যস্ত, জনবহুল এলাকায় এরকম ভ্রাম্যমাণ বায়ো টয়লেটের ভাবনা। কীভাবে তা বাস্তবায়িত হবে, তা নিয়ে পুরোদমে আলোচনা চলছে।
 

Developed by DXDasia