ফেলু মিত্তিরের ৫০ বছরে বায়োপিক!

কোনো কাল্পনিক চরিত্রকে নিয়ে বায়োপিক এই প্রথম

ফেলু মিত্তিরের পঞ্চাশ বছর! আর সেই উপলক্ষে ফেলুদাকে নিয়ে বায়োপিক বানিয়ে ফেলেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। কোনো সাহিত্যের চরিত্রকে নিয়ে বায়োপিক খুব সম্ভবত এর আগে আর হয়নি। কিন্তু ফেলুদা আসলে এতখানি জুড়ে আছেন আমাদের শৈশব-কৈশোর, যে তাকে সত্যি ভেবে নেওয়াই যায়। যেমনটা ভেবেছেন সাগ্নিক। বিজ্ঞাপনের ছবি করতে করতেই তাই তিনি বানিয়ে ফেলেছেন ফেলুদা-কে নিয়ে আস্ত তথ্যচিত্র। নাম ‘ফেলুদা: ফিফটি ইয়ারস্ অব রে’স ডিটেকটিভ’।

এই ছবি করতে গিয়ে কখনো সন্দীপ রায় আর কুশল চক্রবর্তীকে নিয়ে সাগ্নিক পৌঁছে গেছেন ‘সোনার কেল্লা’-র রাজস্থানে। কখনো বেনারসে খুঁজতে বেরিয়েছেন মগনলাল মেঘরাজের বাড়ি। বড়োপর্দার তিন ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জড়ো করেছেন অনেক অজানা তথ্য। তুলে ধরেছেন লেখক এবং অলংকরণ-শিল্পী সত্যজিত-কেও।

কাল নন্দন এবং প্রিয়া প্রেক্ষাগৃহে দেখানো হবে ১ ঘণ্টা ৫৬ মিনিটের এই তথ্যচিত্র। 

Developed by DXDasia