টেস্ট টিউব বেবির জন্মদাতা সুভাষ মুখোপাধ্যায়ের জীবনী বড়োপর্দায়

পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রযোজনায় সঞ্জয়লীলা ভনসালি

দেশের প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়েছিল তাঁর হাতে। ১৯৭৮ সালে। পরিবেশ অনুকূল ছিল না, ছিল না উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি। তার পরেও সাফল্য পেয়েছিলেন এই বঙ্গসন্তান। সমস্ত উন্নত পরিকাঠামোকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় দুর্গার জন্মের ৬৭ দিন পরে। অথচ, ইংল্যান্ডে জন্মানো শিশুটিই বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি হিসেবে স্বীকৃতি পায়। বঞ্চনা সারাজীবন পিছু ধাওয়া করেছে ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের। আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি থেকে বঞ্চনার সঙ্গে জুড়েছে তাঁর সহকর্মীদের বঞ্চনা ও ঈর্ষাও। এই সবটা মিলিয়েই আত্মহননের সিদ্ধান্ত। অকালে চলে গিয়েছিলেন কিংবদন্তী চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়।

ভারত তথা বিশ্বের টেস্ট টিউব বেবির জনক ডাঃ সুভাষ মুখোপাধ্যায়কে নিয়েই সিনেমা বানাতে চলেছে সঞ্জয়লীলা ভনসালির প্রোডাকশন হাউস—সঞ্জয়লীলা ভনসালি ফিল্মস প্রাইভেট লিমিটেড। এবং, এই সিনেমার পরিচালনা করবেন খুব সম্ভবত কমলেশ্বর মুখোপাধ্যায়। ‘মেঘে ঢাকা তারা’, ‘চাঁদের পাহাড়’-এর পরিচালকের কাছে প্রস্তাব ইতিমধ্যেই পৌঁছে গেছে। ছবিটি হবে হিন্দিতে। অভিনেতা বাছাইপর্ব চলছে। দ্রুতই শ্যুটিং শুরু হবে এই ছবির। ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের সমগ্র জীবনটিই ছবির বিষয়বস্তু হবে, নাকি বিশেষ কিছু অংশ—তা অবশ্য জানা যায়নি এখনো।

Developed by DXDasia