
পশু-পাখি-গাছের সমারোহে জমজমাট বালিয়াড়ি
পূর্ব মেদিনীপুরে বালিয়াড়ির পরিমাণ কমতে থাকায় সেখানকার প্রাণী এবং উদ্ভিদের সংখ্যাও কমতে শুরু করেছিল। চিন্তায় ছিলেন পরিবেশমহল। তবে সম্প্রতি অবস্থার পরিবর্তন ঘটেছে। আবার নতুন করে বাড়তে শুরু করেছে জীববৈচিত্র্য। এমন কী ঘটল, যার জন্য আবার নতুন করে বট, অশ্বথ, অর্জুন, হিজলের মতো গাছগাছালি আর বেজি, শেয়াল, বাদুরের মতো পশুপাখিতে আবার ভরপুর হয়ে উঠল বালিয়াড়ি?
কাঁথি বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি উদ্যোগে এবার পূর্ব মেদিনীপুরের বালিয়াড়িগুলো সংরক্ষণের প্রচেষ্টা চলছে। তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কাঁথি পি কে কলেজ। পাশাপাশি, কম করে দেড়শোটি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দেড় হাজার মহিলা বাগুই নদীর বাঁধ বরাবর লাগিয়ে চলেছেন অর্জুন, করঞ্জা, কুসুম, বকুল, বট, অশ্বথের মতো গাছ। শুধু গাছ লাগিয়ে থামছেন না, নিয়মিত পরিচর্যা করছেন সেগুলোর। গাছ বাড়তে থাকায় প্রায় লুপ্ত হয়ে যাওয়া প্রাণীরাও আবার সংখ্যায় বাড়ছে। এভাবে কাঁথি শহরের বুকেই লোকচক্ষুর আড়ালে ফুলেফেঁপে উঠছে জীববৈচিত্র্য।
