‘বলে মূর্দ্ধন্য ণ, চুপ কর কথা শোন/রেগে বলে দন্ত্য ন যাব না তো কক্ষনো’

ডান্ডা, ঠান্ডা, বাউন্ডারি, লন্ঠন শব্দে ণ্+ড /ণ+ঠ হবে না

বাংলা বানানে মূর্ধন্য ‘ণ’ আর  দন্ত ’ন’ যেন প্রায় একই রকম দেখতে দুই বন্ধু। খেয়াল না রাখলেই এ ওর জায়গায় বসে পড়ে। বিপত্তি বাড়ে তখনই।  ণ আর ন কার কোথায় বসার জায়গা তা মনে রাখার সহজ উপায় নিয়ে এই লেখা।

প্রথম একটা কথা ছোটদের বলে দিতে হবে, যে সব শব্দ ‘ন’ দিয়ে শুরু,  সেই সমস্ত শব্দই দন্ত ‘ন’ দিয়েই শুরু। ণ দিয়ে বাংলায় কোনও শব্দ শুরু হয় না। (ণিজন্ত ক্রিয়ার ণিজন্ত শব্দটি মূর্ধন্য ন দিয়ে শুরু বটে, তবে এটা এখনই ছোটদের না জানলেও চলবে।)

ক, খ, গ এইভাবে সব ক’টি ব্যঞ্জনবর্ণ পরপর বারবার বলে ছোটদের আত্মস্থ করাতে হবে। খাতায় লিখিয়ে করালে আরও ভালো হয়। ওদের বলতে হবে এটি তোমাদের কম্পিউটারের কি-বোর্ড। এবার খাতায় বা বোর্ডে বা স্লেটে, কণ্টক, মুণ্ডু, মণ্ডল লিখে যুক্ত ছোটদের বলুন এই শব্দগুলির মধ্যে যে যুক্তাক্ষর রয়েছে তা ওর খাতার কি-বোর্ডের কোন দুটো শব্দ জুড়ে তৈরি হয়েছে।

ডান্ডা, ঠান্ডা, বাউন্ডারি, লন্ঠন শব্দে ণ্+ড /ণ+ঠ হবে না। কারণ এই সব শব্দ এসেছে হিন্দি, ইংরেজি বা অন্য কোনও ভাষা থেকে। এখানে ন্+ড, ন+ঠ, ন্ট হবে। মনে রাখতে হবে – হিন্দি, ইংরেজি ইত্যাদি বিদেশি শব্দ না হলে, যুক্তাক্ষর লেখার সময়, ট, ঠ, ড, ঢ-এর সঙ্গে সব সময় ‘ণ’ যুক্ত হবে। যেমন ২৪ ঘণ্টা। ঘ+ণ+ট+আ।

মনে রাখার জন্য ছোটদের বলা যেতেই পারে, শব্দে আগে ‘মন’ থাকলে সেই সব শব্দে ‘ণ’ হয় না। দন্ত ‘ন’ হবে। যেমন, মনোযোগ, মনোরম, মনোহর, মনোতোষ ইত্যাদি।

যে বানানগুলো বেশি ভুল হয় তা মনে রাখা ছাড়া উপায় নেই। তার একটা ছোট তালিকা দেওয়া হল, ছোটদের বলতে হবে এই চার্ট তারা যান নিজেদের মতো করে বানিয়ে পড়ার টেবিলের সামনে রেখে দেয়।

মণি (মুনি নয়), গণিত, বীজগণিত, পাটিগণিত, গণিতজ্ঞ গণনা (গোনা, গুনিন কিন্তু ‘ন’)

‘গণ’ শব্দটি সব সময় ‘ণ’। যেমন- গণেশ( গণের ঈশ), জনগণ বালকগণ। কিন্তু মজার বিষয়, মানে এক হলেও জনগণ(ণ), লোকজন(ন)।

ভুল হয় পূর্ণ/ পুণ্য। এই ভাবে মনে রাখা যেতে পারে। ফাঁকা কিছুকে ভরাট করতে জোর লাগে, তাই পূর্ণ তে ঊ-কার হবে আর ণ হবেই পুণ্য র শব্দটি উচ্চারণ হচ্ছে ধীরে তাই ‘উ’কার। কিন্তু ‘শূন্য’ শ্+ঊ–কারের পর দন্ত ‘ন’ হবে। এই ভুলটা খুবই চোখে পড়ে ছোটদের খাতায়।

আরেকটি মজা করা যেতে পারে, একই অর্থের শব্দগুলিকে এক জায়গায় করে নিয়ে বানান শেখালে ছোটরা আনন্দ পায়। যেমন- কন্যা, নন্দিনী. তনয়া, জেনানা প্রতিটি শব্দেই দন্ত ‘ন’ হবে।

অপরাহ্ন, পূর্বাহ্ন. (হ্+ণ)। (মনে রাখতে হবে প্র, পরা অপ শব্দের পর ‘হ’-এর সঙ্গে ‘ণ’ বসবে।)। আর মধ্যাহ্ন, সায়াহ্ন(হ্+ন) হবে।

বানান শেখাতে বসে শব্দের মধ্যে যে ছন্দ আছে সেটা ছোটদের শোনাতে হবে। বারবার বড়দের পড়ে দিতে হবে। সেই ছন্দেই ওরা শিখে যাবে। যেমন শোনা/ বোনা/ কোনা/ গোনা। আবার শ্রবণ/ ভ্রমণ/ ধারণ/ কারণ ইত্যাদি। বা কখনও নয়ন/ বয়ন/ শয়ন/ চয়ন পরপর শেখান। আরেকটি শব্দ খেলাতে আসি। ছোটদের সামনে ‘ণ’, ’ন’ পাশাপাশি আছে এমন শব্দ এবং শুধু ‘ন’ আছে এমন বেশ কিছু শব্দ কার্ডে লিখে কার্ডগুলি ছড়িয়ে দিয়ে বলতে হবে পাশাপাশি ‘ণ’ আর ‘ন’ আছে শব্দগুলি খুঁজে নাও। দেখা যাবে ওরা ঠিক খুঁজে নিয়েছে বর্ণনা/ নির্ণয়/নির্ণীত/ অনির্বাণ।

Developed by DXDasia