
ভারতের ভক্তি আন্দোলনের ইতিহাসে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এক যুগান্তকারী ঘটনা। পঞ্চদশ শতকে নবদ্বীপে তাঁর জন্ম শুধু একটি ধর্মীয় ঘটনা নয়, বরং সামাজিক ও মানবিক জাগরণের সূচনা। জ্ঞানচর্চার গণ্ডি পেরিয়ে তিনি মানবমনের গভীরে প্রেম ও ভক্তির যে সুর জাগিয়ে তুলেছিলেন, তা আজও মানব জাতির কাছে বিস্ময়।
“চন্দ্রগ্রহণে অবতীর্ণ হৈলা প্রভু।
ত্রিলোক ভরিয়া শব্দে হরিধ্বনি রভু।।”

পাঁচশ চল্লিশ বছর পর আবার দোলপূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণের আবির্ভাব যেন বর্তমান সমাজ ও সমাজের মানুষকে মনে করিয়ে দিতে চাইছে বিস্ময় পুরুষ চৈতন্যদেবের প্রেম, ভক্তি ও মানবতার কথা।
মানবসমাজে শুভ ও অশুভের দ্বন্দ্ব চিরন্তন। প্রাচীনকাল থেকেই মানুষ প্রকৃতির নানা ঘটনা—বিশেষত গ্রহণের মতো জ্যোতিবৈজ্ঞানিক ঘটনাকে অশুভ বলে মনে করে। কিন্তু সেই চন্দ্রগ্রহণের সময়ই জন্ম নেন নদের নিমাই। যিনি শুধুমাত্র ধর্ম প্রচারক নন। তাঁর চৈতন্য-সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে লোকশিক্ষার কথা, যা যুগ যুগ ধরে মানুষকে নতুন পথ দেখাচ্ছে। এক কথায় তিনি হলে নতুন পথের প্রদর্শক।
১৪০৭ শকাব্দের ২৩ ফাল্গুন দোলপূর্ণিমার দিন জন্ম নেন নিমাই। তাঁর জন্ম লগ্ন থেকেই বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিল নবদ্বীপের মানুষ। মধ্যযুগ বাংলার ইতিহাসের বিশৃঙ্খলময় সময়। চারিদিকে সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় অস্থিরতার প্রলয়ছায়া—মানবজাতি যেন গ্রহণবিদ্ধ চন্দ্রের মতো স্তব্ধ ও বিমর্ষ। এরকম সময়ে নিমাইয়ের জন্ম ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। চন্দ্রগ্রহণ যেমন চাঁদের আভাকে ঢাকতে পারে না ঠিক তেমনি চৈতন্যের আবির্ভাব বাংলার মানুষের জীবনে অন্ধকারের ভেতর আলোর উৎস হয়ে উঠেছিল। জন্ম লগ্নের মত তাঁর অন্নপ্রাশনের ঘটনাটিও এই ভাবধারার এক তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত থেকে জানা যায়, অন্নপ্রাশনের সময় শিশু নিমাইয়ের সামনে স্বর্ণ, রৌপ্য, শাস্ত্র ও মুদ্রা রাখা হয়েছিল। কিন্তু তিনি সবকিছু উপেক্ষা করে ভগবদ্গীতা স্পর্শ করেন। নিমাইয়ের “ভগবদ্গীতা স্পর্শ” শুধুমাত্র একটি ধর্মীয় ঘটনা নয়; এটি ধর্মকেন্দ্রিক সমাজের মূল্যবোধের গভীর প্রতিফলন।

চৈতন্য-সংস্কৃতির মূল উদ্দেশ্য হলো সমাজে প্রচলিত জাতিভেদ, অস্পৃশ্যতা, উচ্চ–নীচ ভেদাভেদ ও নানা কুসংস্কারের কঠোরতা দূর করে ভক্তি ও নামসংকীর্তনের মাধ্যমে মানুষকে একসূত্রে আবদ্ধ করা। তাঁর মতে, সকল মানুষই ঈশ্বরের সন্তান এবং সকলের সমান মর্যাদা প্রাপ্য। মানুষের মধ্যে প্রেম, সাম্য ও ভক্তির বাণী ছড়িয়ে সহজ লোকশিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করা ছিল লক্ষ্য। ভক্তির মাধ্যমেই অন্তরের শুদ্ধি ও সমাজসংস্কার সম্ভব—এই ছিল তাঁর জীবনদর্শনের মূলকথা।
| বিষয় | ধর্মীয় অর্থ | সামাজিক অর্থ |
| অন্নপ্রাশন | জীবনের সূচনা ও শাস্ত্রভিত্তিক সংস্কার | সমাজে অন্তর্ভুক্তি |
| পঞ্চামৃত | পবিত্রতা ও দেবত্ব | ব্যক্তিকে পবিত্র মর্যাদায় উন্নীত করা |
| ভক্তি আন্দোলন | প্রেমভক্তি ও নামসংকীর্তন | সামাজিক সমতা ও সংহতি |

দোলপূর্ণিমার পরের দিন অনুষ্ঠিত হয় অন্নপ্রাশনের ভোগ উৎসব। শ্রীসুদীন গোস্বামীর কথায়- প্রায় পাঁচ কুইন্টাল চাল দিয়ে ‘গিরি গোবর্ধন’ নির্মাণ করা হয় এবং সাজিয়ে দেওয়া হয় ছাপ্পান্ন রকমের ভোগ।
চৈতন্যদেব তাঁর জীবন ও উপদেশে অন্নকে ভক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত করেছিলেন। তাঁর মতে, অন্ন কেবল খাদ্য নয়—এটি ভগবানের প্রসাদ, যা দেহধারণের পাশাপাশি আত্মার শুদ্ধিও সাধন করে। তাই প্রতি বছর নবদ্বীপের ধামেশ্বর ধামে দোলপূর্ণিমায় তাঁর জন্মোৎসব মহাসমারোহে পালিত হয়। প্রতি বছর জন্মদিবস পালনের উৎসব শুরু হয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমার মাধ্যমে। ভক্তরা নামসংকীর্তন করতে করতে চৈতন্যলীলাক্ষেত্রগুলি পদব্রজে পরিদর্শন করেন। দোলপূর্ণিমার দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অভিষেক ও পঞ্চামৃত স্নান। ধামেশ্বর ধামের প্রধান এবং বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধর শ্রীসুদীন গোস্বামীর কথায়—
“বিষ্ণুর আবির্ভাব ভূ-লোকে মানব রূপে। তাই শালগ্রাম শিলাকে নিমাই রূপে ১০৮টি ঘড়া দিয়ে ষোড়শোপচারে মহা-অভিষেক করা হয়। এরপর একশো কেজি চালের বিশেষ পায়েস ভোগ নিবেদন করা হয়। দোলপূর্ণিমার পরের দিন অনুষ্ঠিত হয় অন্নপ্রাশনের ভোগ উৎসব। শ্রীসুদীন গোস্বামীর কথায়- প্রায় পাঁচ কুইন্টাল চাল দিয়ে ‘গিরি গোবর্ধন’ নির্মাণ করা হয় এবং সাজিয়ে দেওয়া হয় ছাপ্পান্ন রকমের ভোগ। তবে শুধু ধামেশ্বর ধামেই নয়, সমগ্র নবদ্বীপ জুড়ে এদিন চলে প্রসাদ বিতরণ উৎসব। এই প্রসাদ বিতরণ আসলে সমতার প্রতীক—উচ্চ-নীচ ভেদাভেদ ভুলে সবাই একত্রে আহার গ্রহণ করে। শুভ ও অশুভের সমস্ত বিভাজন ভুলে মানুষ এক হয়ে যায়।”

এক কথায়, শ্রীচৈতন্যদেব ছিলেন এক মহৎ সমাজসংস্কারক। বিশিষ্ট গবেষক প্রদ্যোত ঘোষ তাঁর গ্রন্থ শ্রীচৈতন্যঃ জীবন-সাহিত্য-দর্শন-এ উল্লেখ করেছেন যে, শ্রীচৈতন্যের আবির্ভাব জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা—যা নবজাগরণের দ্যোতক এবং সমাজ, রাষ্ট্র, সাহিত্য ও দর্শনে আজও সমানভাবে প্রাসঙ্গিক।
রঙের আবিরে যেমন মনের কুলষতা দূর হয়, ঠিক তেমনি পাঁচশ চল্লিশ বছর পর আবার দোলপূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণের আবির্ভাব যেন বর্তমান সমাজ ও সমাজের মানুষকে মনে করিয়ে দিতে চাইছে বিস্ময় পুরুষ চৈতন্যদেবের প্রেম, ভক্তি ও মানবতার কথা।