
কয়েক মাস আগেই ট্রেন দুর্ঘটনা প্রতিরোধের যন্ত্র তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল চুঁচুড়ার অভিজ্ঞান কিশোর দাস। সেইবার তার সঙ্গী ছিল অর্কদীপ দাস। হুগলি কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া অভিজ্ঞান এবার নতুন এক যন্ত্র হাজির করল, যার মাধ্যমে গাড়ির দূষণের ওপর সহজেই নজরদারি চালাতে পারবে প্রশাসন। কয়েকদিন আগে কলকাতায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব। অভিজ্ঞানের এই যন্ত্র সেখানে পেয়েছে সেরার স্বীকৃতি।
১২ বছরের এই কিশোর যে ডিভাইস তৈরি করেছে, তার নাম ‘সেফ পলিউট্যান্ট’। এই যন্ত্রের মাধ্যমে গাড়ির দূষণ কত হচ্ছে, তা জানা যাবে। দূষণের নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলেই নোটিফিকেশন চলে যাবে গাড়ির মালিকের মোবাইল ফোনে। তখন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে লক হয়ে যাবে গাড়ির ইঞ্জিন। তাছাড়া, গাড়ির ইঞ্জিন ঠিক সময়ে সার্ভিসিং না করালে প্রশাসনের কাছে তার যাবতীয় তথ্য নিজে থেকেই পৌঁছে যাবে।