August 30, 2019 | 12:00 PM

বিশ্বের সেরা পনেরোটি ছবির মধ্যে স্থান পেল চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’

চূর্ণী গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘তারিখ’ ছবিটির মুকুটে আসছে একের পর এক পালক। জাতীয় পুরস্কারের পর এবার লস এঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৯ (লাফা)। লস এঞ্জেলেসে প্রতি মাসে সাড়া পৃথিবীর চলচ্চিত্র নির্মাতাদের জন্য ছবি এবং চিত্রনাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারকমণ্ডলী প্রাইভেট স্ক্রিনিংয়ের মাধ্যমে সেরা ছবিগুলিকে পুরস্কৃত করেন। এর মধ্যে থেকেই বেছে নেওয়া হয় বছরের সেরার সেরা ছবিটিকে। বিশ্বের অত্যন্ত সম্মানজনক পুরস্কার এটি। অগাস্ট মাসে সারা পৃথিবী থেকে বেছে নেওয়া পনেরোটি ছবির মধ্যে স্থান পেয়েছে ‘তারিখ’।

কিছুদিন আগেই শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য জাতীয় পুরস্কার পান চূর্ণী। বাংলার সিনেমাহলে তেমন সাফল্য না এলেও সমালোচক থেকে ফিল ক্রিটিক প্রত্যেকেই অভিভূত হয়েছিলেন তারিখ-এর নির্মাণ দেখে। ছবিটির বিষয় ছিল- সময়। জন্ম থেকে মৃত্যুর মধ্যে প্রতিটা দিন যেন সেলিব্রেট করি আমরা। এটিই ছিল তারিখ ছবির মূল ভিত্তি। অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী এবং অনেক নতুন মুখ। প্রযোজনায় অপেরা মুভিজ।