
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া উত্তাল রানু মণ্ডলে। রাণাঘাট স্টেশনে গান গেয়ে একসময় ভিক্ষা করতেন রানু মণ্ডল। অতীন্দ্র নামক এক স্বহৃদয় ব্যক্তি ফেসবুকে পোস্ট করেছিলেন রানুর একটি গানের ভিডিও। লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়েই রানু মণ্ডল ভাইরাল হয়েছিলেন। ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বদলে গিয়েছিল রানুর জীবন। সম্প্রতি মুম্বাই-এ গিয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে রেকর্ড করে ফেলেছেন দু’টি গান।
এবার সেই রানু মণ্ডলের জীবন নিয়েই নির্মিত হতে চলেছে একটি বাংলা ছবি। পরিচালক হৃষিকেশ মণ্ডল এমনই ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এই ধরনের ছবি হলেই সবার আগে মাথায় আসে, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কে? শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, রানু মণ্ডলের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। তবে তিনি আগে চিত্রনাট্য পড়বেন, পছন্দ হলে তবেই হ্যাঁ বলবেন- এমনই খবর পাওয়া গিয়েছে।
রানু মণ্ডল ছাড়াও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে অতীন্দ্র এবং তপনের। যাঁদের জন্য আজ রানুর এত নামডাক। সংগীত পরিচালনা করবেন ক্যাকটাসের সিধু। তবে কোনোকিছুই এখনও স্থির হয়নি।