September 19, 2019 | 12:00 PM

সুইডিশ তরুণীর আহ্বানে বিশ্ব জলবায়ু ধর্মঘটে সামিল হচ্ছে বাংলাও

১৬ বছর বয়সী সুইডিশ মেয়ে গ্রেটা থুনবার্গ ইতিমধ্যেই বিশ্ব পরিবেশ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে  আগামীকাল ২০ সেপ্টেম্বর দুনিয়াব্যাপী কর্মকাণ্ডের ডাক দিয়েছেন তিনি। সেই বিশ্ব জলবায়ু ধর্মঘটে যোগ দিচ্ছে বাংলার একটি সংগঠন।

আগামী ২৩-২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সংক্রান্ত সম্মেলন চলবে নিউইয়র্কে। সেই অধিবেশ যেখানে হবে, তার সামনে অবস্থান ধর্না শুরু করেছেন গ্রেটা। বহু মানুষ জমা হয়েছেন তাঁর প্রতিবাদমঞ্চে। ২০ সেপ্টেম্বর বিশ্ব জলবায়ু ধর্মঘট পালনের ডাক দিয়েছেন গ্রেটা। সারা দুনিয়ার মানুষ সেদিন পথে নামুক, মানব-শৃঙ্খল তৈরি করুক, তাদের স্বর পৌঁছে যাক রাষ্ট্রপুঞ্জের দরবারে, সেরকমই আবেদন রেখেছে তাঁর সংগঠন ‘ফ্রাইডেস ফর ফিউচার’।

আগামীকাল সেই ধর্মঘট সফল করতে পথে নামবে ‘পশ্চিমবঙ্গে বিজ্ঞান মঞ্চ’ নামে একটি সংগঠন। তাঁদের নেতৃত্বে বাংলার প্রায় দু’হাজার ছাত্রছাত্রী পরিবেশ দূষণের বিরুদ্ধে আওয়াজ তুলবেন। তার জন্য গত কয়েক সপ্তাহ জুড়ে প্রচার চালিয়েছে এই সংগঠন।

অন্যদিকে, গ্রেটা থুনবার্গের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের পড়ুয়া আরিয়ান অগ্রহরি তাঁর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। ক্যাম্পাসে বৃক্ষরোপণের কর্মসূচিও গ্রহণ করেছেন তিনি। আরিয়ানের কাজে উৎসাহিত হয়েছেন মহানগরের বহু ছাত্রছাত্রী। শহরকে আবর্জনামুক্ত রাখা, গাছের চারা রোপণ, বৃষ্টির জল সংরক্ষণ, সৌরশক্তির ব্যবহার বাড়ানোর জন্য নিরলসভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বরূপ কুমার দাস-সহ বেশ কয়েকজন।