
১২০ বছরের ইতিহাসে রেকর্ড। ফিনাইল উৎপাদনে রেকর্ড গড়ল ঐতিহ্যবাহী বেঙ্গল কেমিক্যালস। করোনা পরিস্থিতির আগে ১৫ হাজার বোতল তৈরি হত। পরে তা বেড়ে হয় ৩৮ হাজার। কিন্তু গত রোববার অর্থাৎ ২৩ অগাস্ট ফিনাইল উৎপাদনের পুরোনো সব রেকর্ড ভেঙে দিল। এদিন ওই প্রতিষ্ঠানের পানিহাটির কারখানায় মোট ৫১ হাজার ৯৬০টি বোতল তৈরি হয়েছে।
কয়েকদিন আগেই কম টাকায় নির্ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছিল এই প্রতিষ্ঠান। যা সাড়া ফেলেছিল গোটা বাংলায়। এবার ফিনাইল তৈরিতেও রেকর্ড গড়লেন তারা। করোনাকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফিনাইল। তাই উদ্যোক্তারা এত বিপুল পরিমাণ ফিনাইল তৈরিতে ঝাঁপিয়ে পড়েছেন। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০ অক্টোবর পর্যন্ত সমস্ত রবিবার ও অন্যান্য ছুটির দিনে পূর্ণোদ্যমে কাজ চলবে।
লাভের মুখ দেখেছে এই প্রতিষ্ঠান। বেঙ্গল কেমিক্যালের সঙ্গে নাম জড়িয়ে আছে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের। কেন্দ্রীয় সরকার থেকে সংস্থাকে বিলগ্নীকরণের সিদ্ধান্ত নেওয়া হলে রুখে দাঁড়িয়েছেন সেখানকার কর্মীরা। বারবার এই রুখে দাঁড়ানোর স্বভাব অটুট থাক বাংলার গর্বের বেঙ্গল কেমিক্যালের।