
বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে বাউল শিল্পীরা গান গেয়ে প্রচার করছেন, ইভিএমে কীভাবে নীল বোতামের পাশে প্রার্থীর ছবি, নাম, আর প্রতীক দেখে পছন্দ মতো ভোট দিতে হবে। পূর্ব বর্ধমানে বাউল শিল্পীরা ব্লক স্তরে প্রচার করছেন ১০০ শতাংশ ভোটারকে বুথমুখী করার লক্ষ্যে। এভাবেই জেলায় জেলায় নির্বাচন কমিশনের বার্তাকে সহজ সরল ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বাউল শিল্পীরা।
এই বছরই প্রথম ইভিএমের পাশাপাশি সব ভোটকেন্দ্রে ভিভিপ্যাটের ব্যবহার চালু হয়েছে। তা নিয়ে রামপুরহাটে এক বাউল শিল্পী গান ধরেছেন, “বোতাম টিপে ভোট দিও ঠিক/ মনটা যাকে চায়,/ যে প্রার্থীকে ভোটটা দিলে/ লাল আলো তার উঠবে জ্বলে/ সঠিক কিনা দেখে নিলে,/ বুঝবে তুমি ভাই।/ ভিভিপ্যাটকে সামনে রেখে,/ সাত সেকেন্ডের ডিসপ্লে দেখে/ নিশ্চিত হও এখন থেকে, আমরা তা জানাই”। আবার কেউ গাইছেন, “আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার/ ভোট দেব সবাই,/ ভোট দেওয়াটা তাই অধিকার,/ শুনুন ভোটার ভাই”। বিভিন্ন জেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগে সাড়াও দিচ্ছেন সাধারণ মানুষ।