July 18, 2017 | 12:00 PM

বসিরহাটকে নতুন জেলা ঘোষণার প্রস্তাব

বসিরহাটকে নতুন জেলা হিসেবে তৈরি করার কথা ভাবা হচ্ছে নবান্ন-র তরফ থেকে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এই চিন্তাভাবনা। আপাতত প্রস্তাব জমা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি সম্মতি দিলে তবেই এগোবে পরবর্তী কাজ।

বছর দুয়েক আগেই বসিরহাটকে আলাদা জেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। উত্তর চব্বিশ পরগনার মতো বিরাট জেলার থেকে বসিরহাট আলাদা হলে আইনশৃঙ্খলা মোকাবিলাতেও বাড়তি সুবিধা মিলবে। কিন্তু হাইকোর্টের সায় না মেলায় সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। কিছুদিন আগে বসিরহাটে অশান্তির ফলেই আবার উঠে এসেছে এই পরিকল্পনা।

বর্তমান প্রস্তাবে জানানো হয়েছে, জেলা হলে বসিরহাটে দুটি মহকুমা থাকবে বসিরহাট(সদর) ও মিনাখাঁ এবং দশটি ব্লক থাকবে জেলায়। তবে নতুন জেলা হলেও, নতুন কোনও থানা গড়ে তোলার পরিকল্পনা নেই এখনই।

রাজ্য পুলিশের আধিকারিকরাও মনে করছেন, আলাদা জেলা হলে ভবিষ্যতে ওই এলাকায় আবার কোনও সমস্যা হলে মোকাবিলা করতে সুবিধা হবে অনেকটাই।

Developed by DXDasia