
১৯০৭ সালে বসন্তপঞ্চমীর দিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর ঋতু উৎসবের সূচনা করেছিলেন। অনুষ্ঠান হয়েছিল প্রাককুটিরে, আজ যা শমীন্দ্র পাঠাগার। ধরে নেওয়া হয় ঋতু উৎসবের মধ্যে দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়েছিল। দীর্ঘ দিনের সেই রীতি ভেঙে দোলের দিন নয়, মঙ্গলবার বসন্ত উৎসব করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বসন্ত উৎসবের সব রীতি মেনেই এই অনুষ্ঠান হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। গৌড় প্রাঙ্গন মঞ্চে এই অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানস্থলে ৩০০ জন ছাত্রছাত্রী, কর্মী, অধ্যাপকের প্রবেশের অনুমতি রয়েছে। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বভারতীর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আশ্রমিক এবং প্রাক্তনীরা। তাঁদের মতে, বিশ্বভারতীতে যা হচ্ছে তা বিস্ময়কর। আশ্রমের রীতিনীতি, সংস্কৃতি সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। মেলা বন্ধ করা হয়েছে এবার বসন্ত উৎসবও বন্ধ করে দেওয়া হল।
প্রসঙ্গত, প্রথম দিকে আম্রকুঞ্জে বসন্ত উৎসব অনুষ্ঠিত হত। ভিড় বাড়লে তা সরিয়ে নিয়ে আসা হয় আশ্রম মাঠে। কিন্তু ১৯১৮ সালে বসন্ত উৎসবে ২ লক্ষের বেশি মানুষ ভিড় হয়েছিল। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দিনবদলের পাশাপাশি আশ্রম মাঠ থেকে পুরো অনুষ্ঠান সরিয়ে নিয়ে আসা হল গৌড় প্রাঙ্গনে।