
কলকাতা শহরে ৫০ মাইক্রনের কম প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আগেই। এবার ১০০ মাইক্রনের কম প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার একটা প্রস্তাব দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। প্রয়োজনে জরিমানা করার কথাও বলা হয়েছে। প্লাস্টিক দূষণ রোধ নিয়ে এক বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং প্লাস্টিক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল।
বৃষ্টির সময় জল নামাতে হিমশিম খেতে হয় নিকাশি দপ্তরকে। পাম্প সচল রাখতে প্লাস্টিক স্তূপ পরিষ্কার করেন নিকাশি কর্মীরা। অবশেষে প্লাস্টিক ব্যবহারে লালদাগ পড়তে চলেছে। প্লাস্টিক ব্যবসার সঙ্গে অনেকের রুটিরুজি নির্ভর করে। তাই একেবারে লাগাম টানতে চাইছে না কলকাতা পুরসভা। শুধুমাত্র প্লাস্টিকই নয়, কীভাবে থার্মোকলের ব্যবহার কমানো যায় সেই বিষয়েও নজর রাখছে পুরসভা কর্তৃপক্ষ। প্লাস্টিক এবং থার্মোকল দুটোই গঙ্গার ক্ষতি করে ভীষণ। জনজীবনেরও ক্ষতি হয়। সেইদিক থেকে সমস্ত রাজ্যেই এরকম উদ্যোগ নিলে আমাদের চারপাশের পরিবেশ মানুষজন ভয়ঙ্কর অসুবিধার সম্মুখীন হবেন না। আর এতে পরিবেশবিদরাও আশাবাদী।