December 17, 2019 | 12:00 PM

এবার ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারক দেখতে পারবেন আমজনতা

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ভারতীয় সেনারাও। ভয়াবহ যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছিল। প্রত্যেক বছর বাংলাদেশের বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনী সেই যুদ্ধবিজয় উদযাপন করে। সোমবার কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখাও যথাযথ মর্যাদায় দিনটিকে স্মরণ করল। 

এদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল। তাঁরা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে কলকাতা এসেছিলেন। সঙ্গে ছিলেন সস্ত্রীক ৩০ জন মুক্তিযোদ্ধা, সস্ত্রীক বাংলাদেশ সেনাবাহিনীর ৬ কর্মকর্তা, সব মিলিয়ে ৭২ জন বাংলাদেশি অতিথি। অনুষ্ঠানে শহিদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় সেনাবাহিনীয় পূর্বাঞ্চলীয় শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, অবসরপ্রাপ্ত সেনাধ্যক্ষ শংকর রায়চৌধুরী, দুই দেশের সেনাবাহিনী ও উপস্থিত বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।

লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান সেদিন জানান, ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারক এবার থেকে প্রতি রবিবার ও জাতীয় ছুটির দিনগুলিতে আমজনতা দেখতে পারবেন। ভারতের পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের পূর্ব দিকের গেটের ভিতরে এটির অবস্থান। নিশ্ছিদ্র নিরাপত্তার আড়ালে থাকা ফোর্ট উইলিয়ামে এতদিন এই স্মারক সাধারণ মানুষ দেখার সুযোগ পেতেন না।