November 4, 2017 | 12:00 PM

শুরু হল বাংলা সাহিত্য উৎসব

শুক্রবার, ৩ নভেম্বর কলকাতার পার্ক স্ট্রিটের এপিজে হাউস লনে শুরু হল বাংলা সাহিত্য উৎসব। উদ্যোগে অক্সফোর্ড বুক স্টোর, সহ নিবেদক পত্রভারতী। উৎসবের উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় ও ইমদাদুল হক মিলন। শঙ্খ ঘোষের কথায়, বাংলায় সাহিত্যের পাঠক ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই উৎসব।

এ-বছর বাংলা সাহিত্য উৎসব তৃতীয় বছরে পা দিল। ২০১৫-তে শুরু হওয়া এই উৎসব প্রথম দু-বছর অক্সফোর্ড বুক স্টোরে অনুষ্ঠিত হলেও এ-বছরই প্রথম খোলা জায়গায় আয়োজন করা হয়। অক্সফোর্ড বুক স্টোরের সিইও স্বাগত সেনগুপ্তের আশা, আগামী বছরগুলোয় আরও দিন বাড়বে এই উৎসবের।

শনি ও রবিবার বিভিন্ন বিষয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। এগুলির মধ্যে ‘ভ্রমণরসিক বাঙালি’, ‘ভোজনরসিক বাঙালি’, ‘অর্ধশতক পেরিয়ে’, ‘কমবয়সিরা বাংলা পড়া ছেড়ে দিচ্ছে’, ‘ফেসবুকে হিরো বাস্তবে জিরো’, ‘RJ-রা কি বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে’ ইত্যাদি শীর্ষক আলোচনা উল্লেখযোগ্য। বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রফুল্ল রায়, সমরেশ মজুমদার, ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, শ্রীজাত, বাণী বসু, ইমদাদুল হক মিলন, নচিকেতা, প্রচেত গুপ্ত, নবনীতা দেসেন, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় প্রমুখ।