September 23, 2019 | 12:00 PM

শৃঙ্গজয়ের পাশাপাশি হিমালয়ের বুক থেকে বিপুল বর্জ্য উদ্ধার বাঙালি অভিযাত্রীদের

দুর্গম শৃঙ্গ-ছোঁয়ার হাতছানিই শুধু নয়, তারই সঙ্গে হিমালয়কে সাফাই করার অভিযানও। বালির সবচাইতে পুরোনো পর্বত অভিযাত্রী সংস্থা ‘বালি ভাগীরথী’-র পর্বতারোহীরা এই উদ্দেশ্য নিয়েই পাড়ি জমিয়েছিলেন হিমাচলে। পির পাঞ্জাল হিমালয়ের মাউন্ট দেও টিব্বায় সফল অভিযান চালানোর পাশাপাশি তাঁরা উদ্ধার করেছেন প্রায় ৫০ কেজি বর্জ্যও। সেগুলি বস্তায় ভরে বয়ে এনে জমা দিয়েছেন ৫০ কিমি নিচে মানালি মিউনিসিপাল কমিটির অফিসে। পর্বতকে ভালোবাসলে শুধু শৃঙ্গ ছোঁয়াই নয়, পাহাড়কে সুস্থ ও পরিষ্কারও রাখতে হবে, এই বার্তাই দিচ্ছেন ‘বালি ভাগীরথী’-র পর্বতারোহীরা।

পর্বত অভিযানে গিয়ে অনেকেই প্লাস্টিক ও টিনের বর্জ্য ফেলে আসেন পাহাড়ে। সেইসব জমে জমে দূষিত হয় পাহাড়, ক্ষতি হয় পরিবেশের। এর ছাপ পড়ে পর্বতের নিজস্ব বাস্তুতন্ত্রেও। সেই কারণেই, নিছক শৃঙ্গজয় অভিযান নয়, তারই পাশাপাশি পর্বতে সাফাই অভিযানও চালাবে বলে ঠিক করেছিলেন ‘বালি ভাগীরথী’-র সদস্যরা। ২ সেপ্টেম্বর মানালি থেকে শুরু হয় প্রায় ২০ হাজার ফুট উঁচু মাউন্ট দেও টিব্বায় আরোহণের অভিযান। টিমে প্রবীণ সদস্য উজ্জ্বল গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি অনেক তরুণ সদস্যও ছিলেন। ৯ সেপ্টেম্বর, মাউন্ট দেও টিব্বার চূড়ায় সফল আরোহণ সম্পন্ন হয়। টিমের বাকিরা এই সময়েই নিরলস পরিশ্রমে জমা করেছেন প্লাস্টিক ও টিনের জমে থাকা বর্জ্য। তারপর সেইসবই তুলে দেওয়া হয়েছে মানালি মিউনিসিপালিটির হাতে।

‘বালি ভাগরথী’-র এহেন উদ্যোগকে স্যালুট জানাচ্ছেন অন্যান্য পর্বতারোহীরাও।