July 4, 2017 | 12:00 PM

নন্দীগ্রাম কাণ্ডে ১১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

নন্দীগ্রাম কাণ্ডে ৮জন সিপিএম নেতা এবং ৩জন পুলিশ অফিসারের নামে জারি হল গ্রেফতারি পরোয়ানা। হলদিয়া মহকুমা আদালতের বিচারপতি এই পরোয়ানা জারি করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অনিচ্ছাকৃত খুন, ইচ্ছাকৃত ভাবে অস্ত্র ব্যবহার করে খুনের চেষ্টা, সাক্ষ্য-প্রমাণ লোপাট সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে সিবিআই। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।

২০০৭-এর ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। সেই ঘটনারই তদন্ত করছে সিবিআই। তিন দিন আগে ১২ জনের নামে চার্জশিট জমা দিয়েছে তারা। আদালতের নির্দেশ অনুযায়ী দুই আইপিএস অফিসার দেবাশিস বড়াল, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এবং  ডিএসপি শেখর রায়কে গ্রেফতার করতে হবে। তবে আগাম জামিনের আবেদন করতে পারেন তাঁরা। চার্জশিটে নাম রয়েছে খেজুরির   সিপিএম নেতা বিজন রায়, রবিউল হোসেন, হিমাংশু দাস এবং প্রজাপতি দাসের।