July 23, 2020 | 12:00 PM

বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকায় স্থান করে নিলেন বাঙালি স্থপতি

বিশ্বের দরবারে আবার বিরল কৃতিত্বের শিরোপা অর্জন করল বাংলা। চলতি বছরের বিশ্বের সেরা ৫০ জন চিন্তাবিদের তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম।

গত ১৪ জুলাই যুক্তরাজ্য-ভিত্তিক পত্রিকা ‘প্রসপেক্ট’ এই তালিকা প্রকাশ করে। সেখানে বলা হয়, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপত্য নির্মাণ এবং পরিবেশের থেকে আসা চ্যালেঞ্জগুলি গ্রহণ করে নকশা তৈরির ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন মেরিনা। এর ফলেই তিনি এই স্বীকৃতি লাভ করলেন।

আরও পড়ুন
সংক্রমণ বাড়ার আগেই বীরভূমেও প্রস্তুত দুটি সেফ হোম

ঢাকার বিখ্যাত বায়তুর রউফ মসজিদের নকশা করেছেন মেরিনা। টেরাকোটায় নির্মিত মসজিদটি সুলতানি স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। এই নকশার জন্যই ২০১৬ সালে তিনি লাভ করেন আগা খান পুরস্কার। স্থাপত্যের দুনিয়ায় অত্যন্ত সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার এটি। আরেক কৃতি স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীর সঙ্গে যুগ্মভাবে বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ ও স্বাধীনতা জাদুঘরের নকশা করেছেন মেরিনা তাবাসসুম।