
এমন জাদুঘর আগে কখনও দেখেনি কলকাতা। এই শহর যে শুধু ‘আনন্দনগরী’-ই নয়, তার পাশাপাশি ‘চমকের শহর’, ‘স্মৃতির শহর’, ‘প্রতিপত্তির শহর’, ‘জনসংগমের শহর’, এমনকি ‘গল্পের শহর’-ও বটে, তার স্বাদ পেতে গেলে আপনাকে ঢুঁ একবার মারতেই হবে মেটকাফ হলের ‘আমি কলকাতা’ সংগ্রহশালায়।
কিছুদিন আগে আর্কিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার উদ্যোগে মেটকাফ হলকে ঢেলে সাজানো হয়। সেখানে কলকাতা সম্পর্কে যাবতীয় গড়পরতা ধারণাকে ভেঙে নতুন চোখে কল্লোলিনীকে চিনে নেওয়ার ব্যবস্থা করেছেন কৃতিকা মালহোত্রা এবং তাঁর সংস্থা হান্ড্রেড ওয়াটস ডিজাইন স্টুডিও। শুধুমাত্র কলকাতার ইতিহাসকে জমিয়ে রাখা নয়, এখানে ফুটে উঠেছে শহরের প্রবাহমান সংস্কৃতির এক জীবন্ত রূপ।
আজও উত্তর কলকাতায় দেখা যায় হাতে টানা রিক্সা। তবে মেটক্যাফ হলে রাখা রিক্সাটি একেবারেই অনন্য। এর গায়ে আপনি লিখে আসতে পারেন কলকাতা সম্পর্কে আপনার নিজের অনুভূতি। পাশাপাশি ‘আমি কলকাতা’-য় বাংলা সিনেমাকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগও থাকছে। শহুরে জীবনের ক্যামেরাবন্দি মুহূর্তগুলোতে আপনি পাবেন আশ্চর্য সব গল্পের স্বাদ। রয়েছে আরও অনেক কিছু, আপনি যদি কলকাতাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই সেগুলো আপনাকে বাধ্য করবে এই শহর নিয়ে আলাদা কিছু ভাবতে।