October 12, 2017 | 12:00 PM

কালী মূর্তি তৈরিতে ব্যস্ত জেলবন্দি চন্দন

জেলে বসেই একের পর এক প্রতিমা তৈরিতে ব্যস্ত চন্দন। তিনি আলিপুর জেলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। দুর্গাপ্রতিমা পর এবার চন্দন জেলে বসেই গড়ছেন কালীপ্রতিমা। এই কাজে তাঁকে সাহায্য করছে আরও দু’জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। এবার দমদম বালক সংঘের হয়ে কালী প্রতিমা তৈরি করছেন চন্দন। এর জন্য পারিশ্রমিক বাবদ চন্দনকে পাঁচ হাজার টাকা সাম্মানিক দেবেন দমদম বালক সংঘের কর্মকর্তারা। 

চন্দন আলিপুর জেল, প্রেসিডেন্সি এবং দমদম জেল ছাড়াও বিভিন্ন ক্লাবের অর্ডার অনুযায়ী প্রতিমা তৈরি করেন। আলিপুর জেলে পুজো করার জন্য তৈরি করা হয়েছে পুজো কমিটি। চন্দন ছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, বিচারাধীন ১৬জন বন্দি এই কমিটির সদস্য।

চন্দন দুর্গাপুজোর মতোই কালীপুজোর সাম্মানিকের সমস্ত টাকাই তিনি দান করবেন জেলবন্দিদের জন্য তৈরি ওয়েলফেয়ার তহবিলে। এই ওয়েলফেয়ার তহবিলের টাকা দেওয়া হয় বন্দিদের ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য। কিংবা কোনও বন্দির পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের চিকিৎসার জন্য ওই তহবিল থেকে আর্থিক সাহায্য করা হয়। ‘বন্দিশিল্পী’ চন্দনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কালীপ্রতিমা তৈরিতে তাকে সমস্তভাবেই উৎসাহিত করে যাচ্ছেন জেলকর্তা ও কর্মীরা।