July 22, 2019 | 12:00 PM

এবার মাল্টিপ্লেক্সের চেহারা নিচ্ছে বেহালার অজন্তা সিনেমা হল

যেখানে একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কলকাতার অন্যতম প্রাচীন সিনেমাহল অজন্তা নতুন উদ্যোগে সামিল হয়েছে। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের একজিকিউটিভ সেকশনের চেয়ারপার্সন রতন সাহার মতে সিনেমা হল আরামদায়ক ও বিলাসবহুল হলে এখনও ভালো দর্শক টানে। রতন সাহা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার অনেকগুলি হলের মালিক। তার মধ্যে একটি বেহালার অজন্তা। প্রায় এক কোটি টাকা খরচ করে নতুনভাবে সাজালেন অজন্তাকে। অজন্তা এই মুহূর্তে ঠিক যেন মাল্টিপ্লেক্স। বেহালার আশপাশ অর্থাৎ আলিপুর, নিউ আলিপুর, চেতলা, জোকা, তারাতলার দর্শকরা নিয়ম করে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অজন্তাতে। সম্ভাবনা আছে ডলবি সাউন্ড, থ্রিডি ছবি, আরামদায়ক চেয়ারের সুবিধা থাকার। শীতাতপনিয়ন্ত্রিত লবির একধারে খাবার ও পানীয়ের ব্যবস্থা থাকছে। এমনকি অদূর ভবিষ্যতে সেবিকাও রাখা হবে। ছবি দেখার সময় বিরতিতে প্রেক্ষাগৃহে আসতে থাকবে চা, কফি, সরবত। এমনকি এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামিল হচ্ছে অজন্তা। অজন্তার স্ক্রিন-১ এবং স্ক্রিন-২ দু’টি অডিটোরিয়ামেই ছবি দেখা যাবার কথা আছে। 

যখন কলকাতার অধিকাংশ সিনেমাহল বন্ধ হয়ে যাবার পথে, তখন অজন্তাকে আধুনিকীকরণ করার পরিকল্পনা সত্যিই ইতিবাচক। রতনবাবুর মতে, দর্শক নিয়ে অজন্তা মাথা ঘামায় না। তাঁরা চান সুস্থ, নিরাপদ, আরামদায়ক পরিবেশ।