
গত কয়েক বছর ধরে যেমন কলকাতা শহরে বৃষ্টির হার কমেছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে ধোঁয়া আর ধুলো। যার ফলে গোটা মহানগরের গাছের পাতায় জমছে পুরু ময়লার আস্তরণ। এতে তাদের সালোকসংশ্লেষ বাধা পাচ্ছে। শহরের বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান বাড়ছে, কমছে অক্সিজেন। এবার বাতাস পরিশুদ্ধ রাখতে পাঁচতলা বাড়ির সমান উঁচু গাছের পাতা জল দিয়ে ধুয়ে পরিষ্কার রাখার উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা। এর পাশাপাশি রাস্তার আশেপাশে ঝোপঝাড় গুল্মকেও ধোয়ার ব্যবস্থা থাকবে। এর জন্য খুব শিগগিরই কাজে লাগানো হবে দশটি গাড়ি। পুজোর আগে আরও দশটি গাড়ি এই কাজে ব্যবহৃত হবে।
শহরের বাতাসকে নির্মল রাখতে এরই সঙ্গে সঙ্গে দুই ওয়ার্ড পিছু একটি করে বিশ্বমানের এয়ার পিউরিফায়ার বসানোর ভাবনাচিন্তা করছে পুর কর্তৃপক্ষ। ওয়াশিংটন বা নিউ ইয়র্কের মতো শহরে বাতাস পরিশুদ্ধ রাখতে এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। রাজ্য সরকার যদি এই যন্ত্রগুলি বসাতে অনুমতি দেয় এবং অর্থ মঞ্জুর করে, তাহলে শহরের দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন পুরকর্তারা।